হরিরামপুরে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম অঞ্চল আলীনগর চরে চোলাই মদ তৈরি কারখানার সন্ধান পাওয়া গেছে। উপজেলার সূতালড়ি চরের আসলাম খান (৪৫) কারখানাটিতে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও তা পাচার করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার ভোরে ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মদ তৈরির সময় কেষ্ট হালদার (৪৫) নামে এক কারিগরকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি বগুড়ার ধনুট উপজেলার চর ধনুট গ্রামে। এর আগে ইয়াবাসহ আবদুর রহিম নামের এক যুবককে আটক করে ডিবি।
গতকাল দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সোয়া ১০টার দিকে হরিরামপুরের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা বড়িসহ আবদুর রহিম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা ডিবির একটি দল। এরপর তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্য মোতাবেক গতকাল ভোর পাঁচটার দিকে উপজেলার ধূলসুড়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল পদ্মা নদীর মাঝে আলীনগর চরে অভিযান চালায় ডিবির দল। এ সময় তাঁরা চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পায়। এরপর ওই কারখানা থেকে ২১০ লিটার চোলাই মদ, মদ তৈরির ৬৪০ লিটার জাওয়া ও সরঞ্জামসহ কেষ্ট হালদারকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযান টের পেয়ে আগেই মূল হোতা কারখানার মালিক আসলাম খান পালিয়ে যান।
জেলা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় আসলাম, কেষ্ট হালদার ও আবদুর রহিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মূল আসামি আসলামকে গ্রেপ্তারে অভিযান চলছে।