হরিরামপুরে বাল্যবিবাহকে 'লাল কার্ড'
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরের এম এ রাজ্জাক আদর্শ উচ্চবিদ্যালয়ে যৌথভাবে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিক। সভায় উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিবাহকে লাল কার্ড দেখায়।
বেলা ১১টার দিকে এম এ রাজ্জাক আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান মিয়া। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার ওরফে সবুজ, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায় ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুজন সরকার।
সভায় ইউএনও রুবিনা ফেরদৌস বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রাপ্ত বয়সের আগে বিবাহ করা বা বিবাহ দেওয়া—দুটোই অপরাধ। বাল্যবিবাহের কারণে অনেক শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হয়।