হরিরামপুরে হত্যার দায়ে তিনজনের ফাঁসি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের রুবেল মোল্লা (২৫), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরের চর গ্রামের মনিরুল ইসলাম (২৪) ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়াকান্দি গ্রামের কার্তিক হাওলাদার (২৬)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, হরিরামপুরের ছোট বাহাদুরপুর গ্রামের আবদুর রাজ্জাক (৪০) এবং একই উপজেলার গোপীনাথপুর গ্রামের লাল্টু মল্লিক যৌথভাবে ইঞ্জিনচালিত একটি নৌকা (ট্রলার) কেনেন। এরপর তাঁরা ট্রলারটি ভাড়ায় চালান। ২০১৫ সালের ৫ অক্টোবর সকালে ইছামতী নদীর হরিরামপুরের ঝিটকা বাজার এলাকা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া যাওয়ার উদ্দেশ্যে রুবেল, মনিরুল ও কার্তিক নৌকাটি ভাড়া নেন। লাল্টু অসুস্থ হয়ে বাড়িতে থাকায় রাজ্জাক নৌকাটি চালান। দৌলতদিয়া থেকে ওই দিন ফেরার পথে তাঁরা রাজ্জাককে মারধর করে হাত-পা গামছা ও লুঙ্গি দিয়ে বেঁধে পদ্মায় ফেলে দেন। তবে ঘটনাটি প্রকাশ না হওয়ায় এর দুই দিন পর নৌকাসহ রাজ্জাকের নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন লাল্টু।
ঘটনার তিন দিন পর বাহাদুরপুর এলাকায় ওই নৌকাসহ রুবেল ও মনিরুলকে আটক করে পুলিশ। ওই দিনই লাল্টু বাদী হয়ে দুজনকে আসামি করে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে হরিরামপুর থানায় মামলা করেন। পরে গ্রেপ্তার দুজন রাজ্জাককে হত্যার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় কার্তিককেও গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হয়।
মামলাটির তদন্ত করেন হরিরামপুর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। গত বছরের ১৫ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবদুস সালাম এবং আসামিপক্ষে শিপ্রা রানী সাহা মামলাটি পরিচালনা করেন। আবদুস সালাম বলেন, সাক্ষীদের সাক্ষ্য, পুলিশের তদন্ত এবং আসামিদের দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।