হরিহর নদ খননে অনিয়ম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে হরিহর নদ খনন করে মাটি পাশেই ফেলা হয়েছে। বৃষ্টিতে সেই মাটি ধসে নদে পড়ছে l প্রথম আলো
যশোরের কেশবপুরে হরিহর নদ খনন করে মাটি পাশেই ফেলা হয়েছে। বৃষ্টিতে সেই মাটি ধসে নদে পড়ছে l প্রথম আলো

যশোরের কেশবপুর উপজেলায় হরিহর নদ খননে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, খননের নামে ৪৯ লাখ টাকা লুটপাট করা হয়েছে। অপরিকল্পিত খননের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করবে।
এলাকাবাসীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ গতকাল রোববার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। এতে নদ খননের নামে প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ আনা হয়।
এলাকাবাসী ও তাঁদের দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া হরিহর নদের নাব্যতা হারানোয় গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। চলতি বছরের মে মাসে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বড়েঙ্গায় তিন নদীর মোহনায় বাঁধ দিয়ে দেড় কিলোমিটার নদ খনন করে। এতে ব্যয় হয় ৪৯ লাখ টাকা।
কন্দর্পপুর গ্রামের গোবিন্দ পাল প্রথম আলোকে বলেন, নদ খনন করা হয়েছে মাত্র তিন থেকে চার ফুট। তিনি পানিতে নেমে দেখেছেন, যেটুকু খনন করা হয়েছিল, তা এত দিনে পলি জমে ভরাট হয়ে গেছে।
কৃষক সুকুমার দাস বলেন, ‘খননের নাম করে আমাদের নদ শেষ করে দেওয়া হয়েছে। এ বছর বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেবে।’
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, নদ খননের একপর্যায়ে রাতের আঁধারে বাঁধ কেটে দেওয়া হয়। পরে পানির মধ্যেই নামেমাত্র খননকাজ করা হয়। তাও আবার ২০ দিনের মধ্যে নদ ভরাট হয়ে গেল। তাহলে এই খনন করে কী লাভ হলো? সব টাকা পানিতে গেছে।
আলতাপোল এলাকার সাগর হোসেন বলেন, তিন নদীর মোহনায় ২০০ ফুটের মতো প্রশস্ত ছিল। এখন আছে ৫০ থেকে ৬০ ফুট। দিন গেলেই নদ কমছে। খনন হলে নদ বাড়ার কথা। উল্টো কমে যাচ্ছে।
পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী বলেন, দেড় কিলোমিটার নদ খনন করে লাভ হয়নি। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেবে। কেশবপুর শহর থেকে সাড়ে ছয় কিলোমিটার নদ খনন করা উচিত ছিল। পাউবো এবং পানি ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে টাকা লুটপাটের অভিযোগ করে তিনি বলেন, তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই ওখানে ৪৯ লাখ টাকা ব্যয় করা হলো। নদ সংকীর্ণ করা হলো। রাতের আঁধারে বাঁধ কেটে দেওয়া হলো। সরকারের ৪৯ লাখ টাকা অপচয় করা হলো। এটি বড় ধরনের দুর্নীতি। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
কাজের ঠিকাদার পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, কোনো অনিয়ম হওয়ার প্রশ্নই ওঠে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খননযন্ত্র যাওয়ার জন্য শক্ত মাটির প্রয়োজনে মাটি কেটে নদের এক প্রান্তে জায়গা করে নেওয়া হয়েছে। এ কারণে মনে হচ্ছে, নদ ছোট হয়ে গেছে।
অনিয়মের অভিযোগ অস্বীকার করে পাউবোর কেশবপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, নদের গভীরতা ৩ থেকে ৪ ফুট, প্রস্থ ৩০ ফুট এবং তলদেশে ২১ ফুট হওয়ার কথা। সেভাবেই খনন করা হয়েছে। যে পরিমাণ টাকা পাওয়া গেছে, তাতে এর থেকে বেশি প্রশস্ত করা সম্ভব নয়।
গত ২৩ মে প্রথম আলোয় ‘বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরদিন রাতেই তিন নদীর মোহনায় দেওয়া বাঁধ কেটে দেওয়া হয়।