হল ছাত্রলীগের এক সভাপতি প্রার্থীকে আরেক প্রার্থীর মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মনিরুজ্জামান মিলনকে আরেক সভাপতি প্রার্থী রাজীব হোসেন শিকদার ও তাঁর অনুসারীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে হলের অতিথি কক্ষে এ ঘটনা ঘটে।
হল সূত্রে জানা যায়, রোববার রাতে হলের অতিথি কক্ষে রাজীব হোসেন হল শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে আলাপ করছিলেন। সেখানে মনিরুজ্জামান প্রবেশ করতে গেলে রাজীবের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজীব, আবদুল লতিফসহ আরও কয়েকজন মনিরুজ্জামানের শার্টের কলার ধরে তাঁকে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারেন।
মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘আমি রাজীবের প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী হয়েছি। এ জন্যই আমাকে মারধর করা হয়েছে। এর আগে টিভি কক্ষে সবার সামনে অপমান করেছে রাজীব।’
ছাত্রলীগ সূত্র জানায়, ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১১টি হলের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
জানতে চাইলে রাজীব হোসেন বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিগত গ্রুপ নিয়ে সেখানে আলোচনা করছিলাম। এ সময় মনিরুজ্জামান সেখানে প্রবেশ করতে চাইলে তাকে নিষেধ করলে সে চোখ গরম করে। তখন দুজনের কথা-কাটাকাটি হয়।’ তবে তাঁকে মারধর করা হয়নি বলে দাবি করেন রাজীব।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, মনিরুজ্জামান বিষয়টি জানিয়েছেন। খোঁজখবর নিয়ে দেখা হবে।