হলি আর্টিজানে হামলা: বিদেশি সহায়তার পুরো ব্যবহার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ হ ম মুস্তফা কামাল
আ হ ম মুস্তফা কামাল

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গুলশানের হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্প সাহায্য পুরোপুরি খরচ করা সম্ভব হচ্ছে না। আজ সোমবার শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত জুলাইতে হলি আর্টিজানের ঘটনার পর বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পের বাস্তবায়নে প্রভাব পড়ে। ওই ঘটনার পর দেশের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি বিশেষজ্ঞরা চলে যান। যেমন, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল নির্মাণ ও পদ্মা সেতু প্রকল্প। এসব প্রকল্পে যে পরিমাণ জনবল থাকার কথা ছিল, তা পাওয়া যায়নি। প্রায় ছয়-সাত মাস তাঁদের পাইনি। কিন্তু আমরা প্রস্তুত ছিলাম। এখন তাঁরা ফিরে এসেছেন।’

পরিকল্পনামন্ত্রী জানান, প্রতিটি প্রকল্পেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য খরচও বেড়েছে।

সংবাদ সম্মেলনে আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, দেশের অগ্রাধিকার বড় প্রকল্পগুলোতে বিদেশিদের সম্পৃক্ত করা হয়। কারণ, এসব প্রকল্প খুবই কারিগরি প্রকল্প। বিদেশিরাই এসব প্রকল্পের সমীক্ষা থেকে শুরু করে কারিগরি সবকিছুই করে থাকেন।

উল্লেখ্য, চলতি অর্থবছরের এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা কমানো হচ্ছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আজকের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে বিদেশি সহায়তার পাইপলাইনে ৩ হাজার ৬৫৪ কোটি ডলার আছে। গত সাত মাসে (জুলাই-জানুয়ারি) ১ হাজার ৪৬৭ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।