হলে আটকে রেখে মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একটি কক্ষে এক গাড়িচালককে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। হলে অবৈধভাবে থাকা এক ছাত্রলীগ নেতার ছোট ভাই ও এক কর্মচারীর ছেলে মিলে এ ঘটনা ঘটান।
গতকাল বুধবার বিকেলে আহত অবস্থায় হলের জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ভবনের ২৪৯ নম্বর কক্ষ থেকে সুকুমার জোয়ার্দার (২৮) নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে তিনি মামলা করতে শাহবাগ থানায় যান।
গতকাল রাত সাড়ে আটটার দিকে থানায় গিয়ে দেখা যায়, ব্যথায় কাতরাচ্ছেন সুকুমার। জানতে চাইলে বলেন, তিনি প্রায়ই জগন্নাথ হলে যান। ২০০৫-০৭ সাল পর্যন্ত তিনি ‘অবৈধভাবে’ ওই হলে ছিলেন। গত মঙ্গলবার মাঠে খেলতে এলে পূর্বপরিচয়ের সূত্র ধরে হলের এক কর্মচারীর ছেলে জনি পাল তাঁকে হলের ২২৯ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে হল শাখা ছাত্রলীগের সাবেক কমিটির নেতা উৎপল সাহা তাঁর ছোট ভাই উদয় সাহাকে নিয়ে থাকেন।
সুকুমার বলেন, সেখানে উদয় ও জনি মিলে তাঁকে রাতে মারধর করেন। কারণ হিসেবে উদয় তাঁর আইফোন চুরি করার অভিযোগ তোলেন। আইফোন দিতে না পারলে এর সমপরিমাণ টাকা দেওয়ার দাবি করেন।
সুকুমার দাবি করেন, ওই সময় তাঁর কাছে একটি সনি এক্সপেরিয়া মুঠোফোন ছিল, আর একটি কম দামি সিটিসেল ফোন ছিল। সিটিসেল ফোনটা তিনি লুকিয়ে ফেলতে পারলেও সনি মুঠোফোনটি ছিনিয়ে নেন ওই দুজন। পরে গতকাল বেলা ১১টার দিকে তাঁর ভাই ওই নম্বরে ফোন করলে তিনি আটককারীদের অগোচরে তাঁকে বিস্তারিত বলেন।
পুলিশ সূত্র জানায়, সুকুমারের ভাই পুলিশকে জানালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরকে নিয়ে জগন্নাথ হলে যান। খবর পেয়ে আটক ব্যক্তিকে ২২৯ নম্বর কক্ষ থেকে সরিয়ে ২৪৯ নম্বর কক্ষে নেওয়া হয়। পরে সেখান থেকেই তাঁকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটককারী দুজন পালিয়ে যান।
সুকুমার এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িচালক বলে দাবি করেন।
উৎপল সাহা বলেন, ‘আমার ভাই ছোট মানুষ, আমাকে বা পুলিশকে কিছু না জানিয়ে সুকুমারকে ডেকে এনে বোকামি করেছে।’
প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, হলের ২২৯ ও ২৪৯ নম্বর কক্ষ দুটি সিলগালা করা হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক হাবিল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’