হলে ঢুকে ছাত্রীকে মারধরের অভিযোগে ২ নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে ঢুকে এক ছাত্রীকে পেটানোর অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন দিলরুবা খানম ও মোনাফা খাতুন। দিলরুবা চট্টগ্রামের শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিলরুবা এবং ওই ছাত্রী পূর্বপরিচিত। গতকাল দুপুরে ওই ছাত্রীর সঙ্গে তাঁর কক্ষে যান দিলরুবা ও মোনাফা। পরে রুমমেটকে কক্ষ থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে ওই ছাত্রীকে বেধড়ক মারধর করতে থাকেন কক্ষে প্রবেশকারী দুই নারী। এ সময় ওই ছাত্রীর চিৎকারে পাশের কক্ষের ছাত্রীরা ও হলের নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে উদ্ধার করেন।
মারধরের শিকার ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুজন বহিরাগত নারী প্রীতিলতা হলে ঢুকে এক ছাত্রীকে মারধর করতে থাকে। খবর পেয়ে আমরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠাই। অভিযুক্ত দুই নারীকে আমরা হাটহাজারী থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয়ে অবৈধ অনুপ্রবেশ ও ছাত্রীকে মারধরের অভিযোগে আমরা ওই দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেব।’
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর প্রথম আলোকে বলেন, ওই দুই নারীকে আটক করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।