হলে তল্লাশি ছাত্রলীগের দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নৈরাজ্য সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের সহসভাপতি শেখ শাকিল আহমেদ ও কর্মী রিফাত বিন নাসেরকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে পুলিশ ও আনছার ব্যাটালিয়নের ৪৫ সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ুর রহমান হল ও ক্যাম্পাসে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
বিশ্ববিদ্যালয়ে চার দিন অচলাবস্থার পর গতকাল বেলা তিনটা থেকে কয়েকটি বিভাগে পাঠদানসহ সব কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম ও সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) মিলু মিয়া বিশ্বাসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মসিয়ুর রহমান হলের প্রভোস্ট সাইবুর রহমান মোল্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
প্রথমে বেলা একটার দিকে শাকিলকে ক্যাম্পাস থেকে ও তিনটায় ছাত্রলীগের কর্মী রিফাতকে হল থেকে আটক করা হয়।
জানতে চাইলে এএসপি মিলু মিয়া বিশ্বাস প্রথম আলোকে বলেন, আটক দুজন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। এঁদের মধ্যে শাকিল মূল হোতা।
উপাচার্যের অপসারণ, বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়াসহ কয়েকটি দাবিতে গত শনিবার ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে ছাত্রলীগ।
আন্দোলনকারীরা গত কয়েক দিনে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হতে দেয়নি।
উপাচার্য আবদুস সাত্তার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের ব্যানারে ইসলামী ছাত্রশিবিরের কিছু ছেলে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। জেলা পুলিশ প্রশাসনের সহায়তায় তাঁদের ধরা হয়েছে। এখন ক্যাম্পাস শান্ত।