হলে হলে শিবিরের 'মডেল টেস্ট' ও প্রচারপত্র বিলি, গ্রেপ্তার ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে গত সোমবার রাতে সাংগঠনিক প্রচারপত্র বিতরণ ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ‘মডেল টেস্ট’ গ্রহণের সময় শিবিরের দুজন কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই দিন বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান ও মতিহার হলে শিবিরের ‘মডেল টেস্ট’ গ্রহণের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। তবে তারা কাউকে আটক করতে পারেনি।
শাহ মখদুম হল থেকে আটক ওই দুই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ইমদাদুল হক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র হাবিুবর রহমান।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, সোমবার রাত ১০টার দিকে হলের ক্রীড়াকক্ষে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ‘মডেল টেস্ট’ নিচ্ছিলেন শিবির কর্মী ইমদাদুল ও হাবিবুর। মডেল টেস্টের প্রশ্নপত্রের ওপরে ‘ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা’ লেখা রয়েছে। বিষয়টি জানতে পেরে হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এসে তাঁদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গতকাল ওই দুজনকে আগের একটি সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একই সময়ে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের একটি কক্ষে ‘মডেল টেস্ট’ গ্রহণ করছিলেন শিবিরের নেতা-কর্মীরা। খবর পেয়ে ওই হল ছাত্রলীগের নেতা-কর্মী এবং পুলিশ উপস্থিত হলে শিবির কর্মীরা পালিয়ে যান বলে ওই হলের শিক্ষার্থী সূত্রে জানা গেছে। পরে সেখান থেকে মডেল টেস্ট গ্রহণের জন্য প্রস্তুত করা বেশ কিছু প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে থেকে শিবির কর্মী সন্দেহে পাঁচজনকে আটক করে মতিহার থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুয়েল, গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জাফরুল, ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ ও তাবারক। ওসি আলমগীর হোসেন বলেন, আটক পাঁচজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষা জালিয়াতির অভিযোগে ছয়জন আটক: স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছয় ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। যাঁদের তিনজনকে তাৎক্ষণিক এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে এসব ঘটনা ঘটে।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ কর্মকার, সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান আলী ও ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী নেসার আহমেদ। তাঁরা সবাই অন্যের কাগজপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।