রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে সিট দখলকে কেন্দ্র করে মারামারি করেছে ছাত্রলীগের দুই পক্ষ। গত শনিবার রাত দুইটার দিকে এ ঘটনায় হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হুসাইন, ছাত্রলীগের কর্মী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল আলম ও অর্থনীতি বিভাগের মাসুদ রানা। এর মধ্যে হাসিবুল ও মাসুদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও সৈকতকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
সৈয়দ আমীর আলী হল সূত্রে জানা যায়, হলের ২০৫ নম্বর কক্ষে থাকতেন সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল আলম। তাঁকে ওই কক্ষে তুলেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন। সম্প্রতি ইমনকে না জানিয়ে হাসিবুল ২০৫ নম্বর কক্ষ থেকে ২১৩ নম্বর কক্ষে চলে যান। এতে সহযোগিতা করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হুসাইন। এতে ইমন ক্ষিপ্ত হয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামসহ কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মীকে নিয়ে হাসিবকে মারধর করেন। এই ঘটনা নিয়ে হল শাখার সাধারণ সম্পাদক সৈকত ও সভাপতি নাজমুল ইসলামের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার দেখা দেয়। রাত দুইটার দিকে নাজমুল ও ইমনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী হলের সাধারণ সম্পাদক সৈকত ও কর্মী মাসুদকে মারধর করেন। লাঠি দিয়ে মারধর ও মাথায় ফুলের টব ছুড়ে মারার কারণে মাসুদ গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হুসাইন অভিযোগ করে বলেন, ‘হল সভাপতি তাঁর অনুসারী নেতা-কর্মীদের নিয়ে কোনো কারণ ছাড়াই আমাকে এবং আমার দুই কর্মীকে মারধর করেছে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমন বলেন, ‘ঘটনার সময় আমি হল গেটে পুলিশের সঙ্গে ছিলাম। হলের সভাপতি নাজমুল সাধারণ সম্পাদকসহ তাঁর অনুসারী নেতা-কর্মীদের মারধর করেছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।’
হল শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, ‘হাসিবের কক্ষ পরিবর্তন করায় একটু উত্তেজনা দেখা দিয়েছিল। তবে কাউকে মারধরের ঘটনায় আমরা জড়িত নই।’
সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১২টার পরে খবর পেয়ে হলে এসে দুই পক্ষকে শান্ত করি। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ঘটনার পর থেকে হলের সামনে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
কমিটি স্থগিত: মারামারির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শনিবার রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে হল শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হল শাখা কমিটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।’