হল-মার্কের সঙ্গে জড়িত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া এলসির মাধ্যমে হল-মার্কের সঙ্গে অবৈধভাবে ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে যাওয়া জনৈক মনিরুজ্জামান ভুঁইয়া ওরফে শামীমের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁর বিরুদ্ধে দুদক মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

দুদক সূত্র জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই ব্যবসায়ীর সম্পদের অনুসন্ধান চলাকালে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাঁকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠান। দুদকের নোটিশ পাওয়ার পর তিনি সময়ের আবেদন করলে সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়ানো হয়। এর পরও নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দেওয়ায় কমিশন তাঁর বিরুদ্ধে ‘নন সাবমিশন’ মামলার অনুমোদন দেয়।

প্রসঙ্গত, নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা দুদক আইনে অপরাধ।

সূত্রটি আরও জানায়, মাত্র ১০ হাজার টাকা বেতনে মাহবুব গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন মো. মনিরুজ্জামান ভুঁইয়া ওরফে শামীম। অথচ এরই মধ্যে সাড়ে ১০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন তিনি। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ২৫ দফায় নেত্রকোনায় সাড়ে তিন কোটি টাকার জমি কিনেছেন। ওই জেলায় তাঁর একটি চালকলও রয়েছে। আয়ের সঙ্গে তাঁর সম্পদের সংগতি না থাকায় দুদক তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

অনুসন্ধান শেষে অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের পরিপ্রেক্ষিতে মো. মনিরুজ্জামান ভুঁইয়া ওরফে শামীমের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক।