হা-মীম গ্রুপের চাকরিচ্যুত দুই কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ আত্মসাৎ মামলায় হা-মীম গ্রুপের চাকরিচ্যুত দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সেগুনবাগিচা থেকে তাঁদের গ্রেপ্তার করেন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১–এর উপসহকারী পরিচালক মো. নাজিমউদ্দিন।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান ‘নেক্সট কালেকশন লিমিটেডের’ সাবেক স্টোর ইনচার্জ আকরাম হোসেন ও মোরশেদ কামাল।
দুদক সূত্র জানায়, তাঁদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ৬ কোটি ৯০ লাখ ৯৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় মামলা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরে মামলাটি তদন্তের জন্য দুদকে আসে। তদন্ত প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।