হাঁটতে গিয়ে খুন হলেন কৃষি কর্মকর্তার স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা কৃষি ফার্মের সুপারভাইজারের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফার্মের সাতজন প্রহরীকে আটক করেছে।
নিহত ওই নারীর নাম অর্চনা ঘোষাল (৪৫)। তাঁর স্বামী ভবানী দাস ঘোষাল ওই সরকারি কৃষি ফার্মের সুপারভাইজার। ভবানী দাস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা। চাকরির সুবাদে তিনি সপরিবারে বাগাতিপাড়ায় বসবাস করেন।
এ ঘটনায় ভবানী দাস বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লেবু মিয়া বলেন, রাতে অর্চনা ঘোষালের লাশ উদ্ধারের সময় তাঁর কপাল ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ দেখে মনে হয়েছে, তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কৃষ্ণা কৃষি খামারের প্রহরী আজের উদ্দিন, আকবর আলী, আহাম্মদ আলী, আবদুল মাজেদ, অজিত চন্দ্র, সমির উদ্দিন ও জামু হোসেনকে আটক করা হয়েছে।
বাগাতিপাড়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, অর্চনা ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ায় প্রতিদিন বিকেলে বাসা থেকে ফার্ম এলাকায় হাঁটতে যান। গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি বাসা থেকে বের হন। কিন্তু সন্ধ্যার পরও তিনি বাড়ি ফিরে না আসায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে নয়টার দিকে কৃষি ফার্মের একটি জমিতে তাঁর মৃতদেহ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দীন প্রথম আলোকে বলেছেন, এখনো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে নিহত অর্চনা ঘোষালের কানের দুল উদ্ধার করেছে পুলিশ। নাটোরের জেলা প্রশাসক মো. মশিউর রহমানও গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।