হাঁস চুরির অভিযোগ শুনে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হাঁস চুরির ঘটনায় বাগ্‌বিতণ্ডার জেরে দুলাল হাওলাদার (৪৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নিজহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষক দুলালের সঙ্গে প্রতিবেশী মোতালেব মৃধার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল সকালে দুলাল তাঁর একটি হাঁস চুরি হয়েছে বলে আশপাশের বাড়িতে জানাতে থাকেন। একসময় তিনি প্রতিবেশী মোতালেব মৃধার বাড়িতে গিয়ে হাঁসটি তাঁদের বাড়িতে এসেছে কি না জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মোতালেব। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোতালেব ও তাঁর বাড়ির লোকজন দুলালকে লাঠি ও মুগুর দিয়ে পেটাতে শুরু করেন। এতে মাথায় আঘাত পেয়ে দুলাল মাটিতে পড়ে যান। পরে দুলালকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। সেখানেই রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র প্রথম আলোকে বলেন, দুলালকে খুনের ঘটনায় তাঁর স্ত্রী মারিয়ম বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আজ সোমবার সকালে আসামি মোতালেব মৃধা, সুফিয়া বেগম ও আফরোজা বেগম নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুলালের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।