হাঁস-মুরগির লড়াই দুই ব্যক্তি জেলহাজতে
রাজশাহীর বাগমারা উপজেলায় হাঁস ও মুরগির লড়াইকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ সাতজন আহত হয়েছেন। পরে বিষয়টি মামলা পর্যন্ত গড়িয়েছে।
উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। চারজন প্রত্যক্ষদর্শী বলেন, গত রোববার বিকেলে চেউখালীর সফির উদ্দিনের একটি চীনা হাঁসের সঙ্গে প্রতিবেশী লইমুদ্দিনের একটি মুরগির লড়াই হয়। ঠোকাঠুকিতে এ সময় মুরগি মারা যায়। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।
এতে উভয় পক্ষের সাতজন আহত হন। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন সাগরি বিবি (৪৫) ও খইর উদ্দিন (৫২)। অন্যরা বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার ইন্ধনদাতা হিসেবে সফির উদ্দিনের পক্ষের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবেদ আলী (৪২) ও লইমুদ্দিনের আত্মীয় ইমফুল ইসলামকে (৩৫) আটক করে পুলিশ।
তবে থানায় আটক থাকা অবস্থায় ইউপি সদস্য আবেদ আলী বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। একটি পক্ষ তাঁর আত্মীয় হওয়ার কারণে তাঁকে মামলায় আসামি করা হয়েছে।
এদিকে থানার ওসি মতিয়ার রহমান বলেন, গত রোববার রাতেই উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। আটক দুজনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, সামান্য বিষয় নিয়ে মারামারির ঘটনা দুঃখজনক।