হাঁড়ি-পাতিলের ফাঁকে ফাঁকে ফেনসিডিল!
সাইকেলের সামনে সাজানো মেয়েদের টিপ, চুলের ক্লিপ, ফিতা, হাঁড়ি-পাতিলসহ নানা ধরনের সামগ্রী। পেছনে প্লাস্টিকের ডালা, গামলা। এর মধ্যেই লুকানো ছিল ফেনসিডিলের বোতল। কিন্তু শেষ রক্ষা হয়নি তাঁদের। তল্লাশি চালিয়ে দুই ফেরিওয়ালার কাছে থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহীর চারঘাট উপজেলায় আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। ওই দুই ফেরিওয়ালার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ মহদীপুর গ্রামের জোবান আলীর জালাল উদ্দিন (৩০) ও একই এলাকার ওসমান জিনারুল ইসলাম (২৮)।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেরি করা অবস্থায় ওই দুই ফেরিওয়ালাকে আটক করা হয়। তল্লাশি করে দেখা যায়, মালামালের মধ্যে বস্তায় রাখা ছিল ফেনসিডিল। দুই সাইকেল থেকে ৫০ বোতল করে মোট ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় দুই ফেরিওয়ালার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, একই দিনে একটি মোটরসাইকেল থেকে আরও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় মালিককে আটক করা যায়নি। ওই ঘটনাতেও মামলা হয়েছে।