হাইওয়ে রেঞ্জের সহকারী পুলিশ সুপার খুন

হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান তালুকদার (৫৫) খুন হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বিরুলিয়া রাস্তার পাশের ঝোপ থেকে গলায় ঝুট কাপড় প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশের হাইওয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন। বাসা থেকে কর্মস্থলে যাওয়ার সময় হয়তো যৌথ ভাড়ার পরিবহনে উঠে ছিনতাইকারীর কবলে পড়েন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মিজানুর রহমান সপরিবারে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। গতকাল ভোরে সাহ্রি খেয়ে বাসা থেকে নিজের কর্মস্থল সাভারে যাওয়ার জন্য বের হন। এরপর থেকে পরিবারের লোকজন আর কিছুই জানতেন না। পরে পুলিশের কাছে খবর পেয়ে মিজানুরের ছোট ভাই ও ভাগনে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
মিজানুর রহমানের ভাগনে শামীম শেখ প্রথম আলোকে বলেন, গতকাল কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু কিসে করে বা কার সঙ্গে তিনি গেছেন, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না। ঝোপের ভেতর থেকে লাশ উদ্ধারের সময় তাঁর খালুর সরকারি জুতা খোলা ছিল।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মুহম্মদ কামাল হোসেন বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তি রূপনগর থানায় ফোন করে জানান, বিরুলিয়া সেতুর ৫০০ গজ উত্তরে ঢাকা বোট ক্লাবের পাশের ঝোপে এক ব্যক্তির লাশ পড়ে আছে। এরপর রূপনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুরের গলায় গার্মেন্টসের ঝুট প্যাঁচানো অবস্থায় পান। তাঁর মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সহিদ আলম প্রথম আলোকে বলেন, মিজানুর রহমানের পরনে চেক শার্ট ছিল। তবে প্যান্ট ছিল পুলিশের। তাঁর ব্যাগে নিজের গাড়ির চাবি ও বাহিনীর শার্ট পাওয়া গেছে। তিনি বলেন, এই পুলিশ কর্মকর্তা এখানে কীভাবে এলেন, সেটা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এএসপি মিজানুর রহমানের দুটি মুঠোফোন পাওয়া গেলেও তাঁর মানিবাগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মানিব্যাগ ছিনিয়ে নিতেই তাঁকে শ্বাসরোধ করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, মিজানুর রহমানের নামে কোনো সরকারি গাড়ি বরাদ্দ ছিল না। তিনি তাঁর ব্যক্তিগত গাড়িতে কর্মস্থলে যেতেন। গতকাল তাঁর ব্যক্তিগত গাড়িটি গ্যারেজেই ছিল। কিন্তু তিনি অত সকালে গাড়ি ছাড়া কেন বের হলেন, তার জবাব মিলছে না।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ বলেন, পারিপার্শ্বিক অবস্থায় ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন।
নিহত মিজানুরের পারিবারিক সূত্র জানায়, মিজানুর রহমানের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানার আলিভুখা গ্রামে। তিনি ১৯৮৯ সালে উপপরিদর্শক হিসেবে পুলিশে যোগ দেন। বছর তিনেক আগে এএসপি হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি মানিকগঞ্জের ঘিওর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বড় মেয়েটি কলেজে আর ছোট ছেলেটা প্রথম শ্রেণিতে পড়ে।