হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও চলছে দোকান নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি বাজার এলাকায় সড়কের জায়গায় দোকানঘর নির্মাণের কাজ চলছে l ছবি: প্রথম আলো
হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি বাজার এলাকায় সড়কের জায়গায় দোকানঘর নির্মাণের কাজ চলছে l ছবি: প্রথম আলো

হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি বাজার এলাকায় সড়কের জায়গায় দোকানঘর নির্মাণের কাজ চলছে। সেখানে বেশির ভাগ দোকানের চাল এবং শাটার লাগানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গিয়ে দেখা গেছে, অসমাপ্ত বাকি দোকানগুলোতে পলেস্তারা দেওয়া, শাটার লাগানো ও অন্যান্য কাজ করছেন শ্রমিকেরা।
এজিবি কলোনি-সংলগ্ন ওই সড়কের জায়গায় দোকানঘর নির্মাণের ওপর গত বুধবার নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে এসব দোকানঘর উচ্ছেদের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।
গতকাল দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের জায়গায় নির্মাণাধীন দোকানগুলোর বেশির ভাগেরই চাল পর্যন্ত হয়ে গেছে। বিশেষ করে সড়কের দক্ষিণ দিকের দোকানঘরগুলোয় কমলা রঙের শাটারও লাগানো হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়া দোকানগুলোর নম্বরও দেওয়া হয়েছে। কলোনির ভেতর দিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার ৩ নম্বর ফটকের কাছে কয়েকটি দোকানঘরের দেয়ালে পলেস্তারার কাজ চলছে। কয়েকটিতে চলছে শাটার লাগানোর কাজ। শ্রমিকেরা ব্যস্ত।
হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও কেন নির্মাণকাজ চলছে—এমন প্রশ্নে তিনজন শ্রমিক বলেন, তাঁরা এটা জানেন না। তাঁদের কাজ বন্ধ করতেও বলা হয়নি।
ওই এলাকায় খোঁজ করে দোকান নির্মাণকারীদের বা নির্মাণকাজ তদারককারী কাউকে পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আদালতের এ-সংক্রান্ত নিষেধাজ্ঞার কপি এখনো তাঁর দপ্তরে পৌঁছায়নি। কপি পেলে সঙ্গে সঙ্গে তিনি নির্মাণকাজ বন্ধ করার কঠোর নির্দেশ দেবেন।
মেয়র বলেন, আগেও তিনি সেখানে দোকানঘর নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হওয়ায় এখন তাঁর জন্য নির্মাণকাজ বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সহজ হবে।
গত ১৪ মার্চ মতিঝিল এজিবি কলোনি বাজারের দোকানপাট উচ্ছেদ করে ডিএসসিসি। এর দুই দিনের মাথায় সেখানে এবার পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়। সেদিন ডিএসসিসির বোর্ড সভার অনুমোদনক্রমে সেখানে অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নামে কাঁচাবাজার তৈরির কাজ শুরু হয় বলেও নির্মাণকারীদের পক্ষ থেকে দাবি করা হয়। তবে ডিএসসিসি বলে, হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মেয়র নির্বাচনের (২৮ এপ্রিল, ২০১৫) আগেই ডিএসসিসি এ ধরনের অনুমোদন দিয়েছিল।
অভিযোগ রয়েছে, ১৩৪ জন অসচ্ছল দুস্থ মুক্তিযোদ্ধা ওই সমিতির সদস্য বলে দাবি করা হলেও বাস্তবে তাঁদের কমসংখ্যকই সেখানে দোকান বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া ওই ১৩৪ জনের মধ্যে অনেকে প্রকৃত মুক্তিযোদ্ধা নন—এমন কথাও বলেছেন ওই বাজারের পুরোনো দোকানিরা।
পশ্চিম রাজারবাগ মৌজার মানচিত্র থেকে জানা যায়, এজিবি কলোনি বাজার এলাকাটি জেএস নং ২, সিট নং ৮, জেলা ঢাকায় অবস্থিত। মানচিত্র অনুযায়ী এজিবি কলোনির সড়কটি (মিডওয়েল সার্কুলার রোড, কাঁচাবাজার) মৌজার ১২০১ ও ১২২৩ দাগে পড়েছে। এর প্রশস্ততা ৭৮ ফুট এবং দৈর্ঘ্য ৬০০ ফুট। কিন্তু আঁকাবাঁকা সড়কে বাস্তবে প্রশস্ততা দেখা যায় ৪০ ফুটের মতো।