হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসারের মিথ্যা পরিচয় দিয়ে করতেন প্রতারণা
রাজধানীর যাত্রাবাড়ী থেকে রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি নিজেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার বলে মিথ্যা পরিচয় দিয়ে আসছিলেন।
গতকাল বুধবার বিকেলে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আজ বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসাইন বলেন, রাশেদুল ইসলাম নিজের নাম ব্যবহার করে বেঞ্চ অফিসারের ভিজিটিং কার্ড ছাপিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। মীর হাজীরবাগ এলাকায় তাঁর একটি অফিসও রয়েছে। তিনি নিজেকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবার কখনো খুলনা ল কলেজের সাবেক ভিপি পরিচয় দেন।
বেঞ্চ অফিসার হিসেবে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে পরিচয় রয়েছে বলে প্রচার চালান। মিথ্যা আশ্বাস দিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থাসহ (এনএসআই) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, আসামিদের জামিন–খালাস করানোর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটজন ভুক্তভোগীর কাছ থেকে প্রতারণা করে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। বাকপটু প্রতারক বিভিন্ন অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে বলে প্রতারণা করতেন।