হাইকোর্ট থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের অ্যানেক্স ভবন থেকে গতকাল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয় l ছবি: প্রথম আলো
হাইকোর্টের অ্যানেক্স ভবন থেকে গতকাল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয় l ছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটি আদালতকক্ষের ভেতর থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে হাইকোর্টের অ্যানেক্স ভবনের ১৭ নম্বর কক্ষ থেকে দুটি এবং এর আগে একই ভবনের নয় নম্বর আদালত কক্ষের ভেতর থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া বস্তু বোমার মতোই। এর ভেতরে পাউডারজাতীয় উপাদান পাওয়া গেছে। তবে এটা কী পর্যায়ের ক্ষতিকারক, সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বই কেটে ওই বস্তু ভেতরে বসানো ছিল। দুটি ক্ষেত্রেই মাইনর অ্যাক্টস নামের একটি বইয়ের মধ্যে ওই বস্তু রাখা। ৯ নম্বর কক্ষে পাওয়া বইয়ের ভেতর একটি এবং ১৭ নম্বর কক্ষে পাওয়া একটি বইয়ের মধ্যে দুটি বস্তু রাখা ছিল। বস্তুটি লাল রঙের। এজলাস কক্ষের পেছনের আইনজীবীদের বসার জন্য রাখা আসনের শেষ দিকে বই দুটি রাখা ছিল।
বোমা পাওয়া গেছে—গতকাল দুপুরে এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্ধিত ভবনের ৯ নম্বর আদালতকক্ষের সামনে জড়ো হতে থাকেন আইনজীবী, সাংবাদিকসহ অনেকে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কক্ষে বিচারকাজ পরিচালনা করেন।
ওই আদালতে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল নুরুন্নাহার প্রথম আলোকে বলেন, বিরতির পর দুইটার সময় আদালতকক্ষে প্রবেশ করে বসতে যাওয়ার সময় বেঞ্চ অফিসার মোটা একটি বইয়ের মধ্যে লাল রঙের টেপ দিয়ে আটকানো বস্তুটি দেখান। তখন সবাই বেরিয়ে যান। বিচারপতিরা এজলাসে তখনো আসেননি। এরপর আর আদালত বসেননি।
মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে বস্তুটি সরিয়ে নিয়ে যান। এরপর বিকেলে অ্যানেক্স ভবনের ১৭ নম্বর কক্ষে বইয়ের ভেতর একই ধরনের বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই কক্ষে বিচারকাজ পরিচালনা করেন। সোয়া পাঁচটার দিকে বস্তু দুটি সরিয়ে নেয় নিষ্ক্রিয়করণ দল।
পিস্তল উদ্ধার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির টয়লেট থেকে গতকাল সন্ধ্যায় গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়েছে। সুপ্রিম কোর্ট এলাকায় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক শেখ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলার টয়লেটে সন্ধ্যা ছয়টার দিকে পাঁচটি গুলিসহ পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ৩ জানুয়ারি পাশের টয়লেট থেকে ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেকেন্দার আলীর ওই অস্ত্রটি খোয়া যায়। অস্ত্র চুরির অভিযোগ এনে সেকান্দর আলী শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেছিলেন।