হাইকোর্ট ফটকে পাল্টাপাল্টি ইটপাটকেল
রাজধানীর হাইকোর্ট এলাকায় বিএনপিপন্থী আইনজীবী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি ইট-পাটকেল ছুড়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিএনপিপন্থী আইনজীবীরা হাইকোর্টের প্রধান ফটকের ভেতরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ফটকের বাইরে ছিল প্রচুর পুলিশ। বিকেল সাড়ে চারটার দিকে প্রেসক্লাব মোড়ে বিস্ফোরণের শব্দ হয়। এই শব্দে সকাল থেকে প্রেসক্লাবের সামনে থাকা আওয়ামীপন্থী নেতা-কর্মীরা বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রজন্মের ৫০-৬০ জন নেতা-কর্মী হাইকোর্টের ফটকের সামনে ছুটে যান। তাঁরা ফটকের ভেতরে থাকা আইনজীবীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। আইনজীবীরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে আওয়ামী নেতা-কর্মীরা প্রধান ফটক খুলে হাইকোর্টের ভেতরে ঢুকে আইনজীবীদের ধাওয়া করেন। পরে পুলিশ আওয়ামী নেতা-কর্মীদের ফটক থেকে বের করে দেয়। ২০-২৫ মিনিট ধরে চলা এ পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনে।
হাইকোর্ট এলাকায় কালো পতাকা মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুর ১২টায় মিছিল শুরু হয়। এরপর তাঁরা মিছিলটি নিয়ে হাইকোর্টের মাজারের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁদের মধ্য কিছুটা ধ্বস্তাধস্তিও হয়। মুস্তাফিজুর রহমান নামের পুলিশের এক সদস্য এ সময় আহত হন। আইনজীবীদের এ মিছিলে মওদুদ আহমদ, মাহবুবউদ্দিন খোকন, বদরুদোজ্জা বাদল, সানাউল্লাহ মিয়া প্রমুখ অংশ নেন।