হাইকোর্টে বইয়ের ভেতর বোমাসদৃশ বস্তু
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৯ নম্বর কক্ষে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করছে।
আদালতে নিয়োজিত বেঞ্চ অফিসার আবদুল হাসিব খান জানান, বেলা পৌনে দুইটার দিকে তিনি আদালত কক্ষে ঢুকলে কাউকে তিনি বলতে শুনেছেন, ‘কে যেন একটা বই রেখে গেল।’ তিনি গিয়ে দেখেন ‘মাইনর এক্টস’ নামে একটি বই আদালতে আইনজীবীদের বসার আসনের ওপর পড়ে রয়েছে। তিনি পৃষ্ঠা উল্টিয়ে বইয়ের ভেতরের পাতা কেটে সেখানে জর্দার কৌটা আকৃতির একটি লাল বস্তু বসানো দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ডিবির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
সুপ্রিম কোর্ট এলাকায় দায়িত্বরত ইন্সপেক্টর ইসরাইল হোসেন জানান, সুপ্রিম কোর্টের বর্ধিতাংশের সামনের বাগানে এনে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা চলছে। বস্তুটি বোমা কিনা, এখনো নিশ্চিত করা যায়নি।