উচ্চ আদালতের আদেশ অমান্য করে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বহুজাতিক জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাটা শুট কোম্পানি নিজস্ব শোরুম চালু রেখেছে। এ ঘটনায় আদালত অবমাননার মামলা করবেন বলে জানিয়েছেন বাটার স্থানীয় পরিবেশক (ডিলার)।
বাটা শুা কোম্পানির স্থানীয় পরিবেশক মেসার্স শুে শ্যালনের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন গতকাল সোমবার এ বিষয়ে সৈয়দপুরের সাংবাদিকদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ মোতাবেক, সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে কয়েক যুগ ধরে বাটার স্থানীয় পরিবেশকের একটি শোরুম রয়েছে। পরিবেশক হিসেবে তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এর আগে ব্যবসায়িক চুক্তিও হয়। কিন্তু সে চুক্তির শর্ত ভঙ্গ করে পরিবেশকের শোরুম থেকে মাত্র ৫২ মিটার দূরে বাটা ২০১২ সালে নিজস্ব শোরুম গড়ে তোলে। এ ঘটনায় পরিবেশক দেলোয়ার হোসেন নীলফামারীর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে ২০১৪ সালে একটি মামলা করেন। কিন্তু ওই মামলার রায় বাটা কোম্পানির পক্ষে যায়। পরে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন তিনি।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানি শেষে গত ৩ এপ্রিল বাটার নিজস্ব শোরুমটি দুই মাসের জন্য বন্ধ রাখার আদেশ দেন। কিন্তু ওই আদেশের তোয়াক্কা না করে আজ পর্যন্ত সেটি চালু রাখা হয়েছে।
পরিবেশক দেলোয়ার হোসেন বলেন, ‘একই এলাকায় পরিবেশক থাকা সত্ত্বেও বাটা মাত্র ৫২ মিটার দূরে শোরুম করে আইন অমান্য করেছে, যা বাটার বিধিতে নেই। এতে করে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এ নিয়ে আমি আদালত অবমাননার মামলা করব।’ তিনি আরও বলেন, আদালতের আদেশটি ৩ মে গ্রহণ করেছে বাটা কর্তৃপক্ষ। তবে তা মানার ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।
তবে সৈয়দপুরে বাটার নিজস্ব শোরুমের ব্যবস্থাপক আমিনুল হক প্রথম আলোকে বলেন, ‘আদালতের রায় আমাদের হাতে এসে পৌঁছায়নি। ওপরের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশ পেলেই শোরুম বন্ধ করে দেব।’