হাইকোর্টের নির্দেশে তিন পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বিক্রেতা রিপনকে (৩০) পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকার আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ও দুই কনস্টেবলের বিরুদ্ধে মামলা হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

হাইকোর্টের নির্দেশে নিহত রিপনের বাবা রফিক শিকদার বাদী হয়ে ১ ডিসেম্বর আশুলিয়া থানায় ওই হত্যা মামলা করেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রূপসারঝিল-মহেশপুর গ্রামের বাসিন্দা রিপন স্ত্রী সাথী আক্তারকে নিয়ে আশুলিয়ার নিরিবিলি এলাকায় থেকে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ২১ মে রাতে বাসায় ফেরার পথে রিপনকে আটক করে পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর রিপনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মাত্র এক হাজার টাকার জন্য আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন ও দুই কনস্টেবল রিপনকে পিটিয়ে হত্যা করেন। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়, রিপন দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন।

পুলিশের পক্ষ থেকে রিপনের মৃত্যুর ঘটনা ‘ধামাচাপা দেওয়ার চেষ্টা’ করায় আইন ও সালিশ কেন্দ্র দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে ২৫ মে হাইকোর্টে একটি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ১০ নভেম্বর অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়ার জন্য আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে রিপনের বাবা রফিক শিকদার ১ ডিসেম্বর আশুলিয়া থানায় মামলা করেন।

তিন পুলিশ সদস্যের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি বদরুল আলম বলেন, এসআই আনোয়ার হোসেন বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন। আর দুই কনস্টেবলকে ফেরত পাঠানো হয়েছে ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ)। তাঁদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মামলার আসামি ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে ঢাকার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান প্রথম আলোকেবলেন, ‘তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অনুযায়ী, এই মুহূর্তে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।’