সিলেট সিটি করপোরেশনের তেলিহাওর। নামে হাওর হলেও বাস্তবে এটি নগরের ঘনবসতিপূর্ণ একটি এলাকা। বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি দপ্তর, আবাসিক হোটেল-রেস্তোরাঁ, বসতবাড়ি আর প্রাসাদোপম অট্টালিকা সেখানে। একসময় হাওরই ছিল। এখন নামটুকু ছাড়া কোনো অস্তিত্বই নেই।
আরেকটি হাওর আছে, নাম বগলাজান। ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে পড়েছে এই হাওর। সিটি করপোরেশনের একমাত্র এই হাওরটিও এখন হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ‘রূপায়ণ মহানগর আবাসন প্রকল্প’ নামের একটি আবাসন কোম্পানি বগলাজান হাওরে একাধিক সাইনবোর্ড সাঁটিয়েছে। হাওরের মধ্যভাগ দিয়ে বসানো হয়েছে মাটি ভরাটের পাইপ। এ অবস্থায় হাওরটি হারানোর শঙ্কায় এলাকাবাসী।
দক্ষিণ সুরমা হয়ে সিলেট নগরের প্রবেশমুখ হুমায়ুন রশিদ চত্বর থেকে দেখা যায় বগলাজান হাওর। আয়তন প্রায় ৯০০ একর। এর মধ্যে রেলওয়ে ও সরকারি খাসজায়গাও রয়েছে। একদিকে রেললাইন, অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাইপাস সড়ক। উত্তর দিক দিয়ে সুরমা নদীর সঙ্গে সরাসরি সংযোগ ছিল একসময়। তখন হাওরে জলতরঙ্গ ছিল। সংযোগ বন্ধ হওয়ায় একটি ছোট খাল শুধু বর্ষাকালে নদীর সঙ্গে মিলন রেখেছে। এ কারণে অনেকটা কচুরিপানায় ভরা বদ্ধ জলাশয়ে রূপ নিয়েছে বগলাজান। ওই বদ্ধ রূপই কাল হয়ে দাঁড়ায়। সংঘবদ্ধ ভূমিখেকোদের তৎপরতায় হাওরের আকার কমতে থাকে। ২০১১ সালের শুষ্ক মৌসুমে হঠাৎ রূপায়ণ নামের আবাসন কোম্পানিটির তৎপরতা চোখে পড়ে।
ওই বছর সিটি করপোরেশনে একটি লিখিত আবেদন দিয়ে হাওর রক্ষার দাবি জানান এলাকাবাসী। এরপর প্রতিষ্ঠানটি হাওরে তৎপরতা বন্ধ রাখে। প্রায় তিন বছর পর সম্প্রতি হাওরে আবাসন কোম্পানিটি আবার নতুন সাইনবোর্ড ও পাইপলাইন টেনেছে। তা দেখে এলাকাবাসী ফের সিটি করপোরেশনে লিখিতভাবে হাওর রক্ষার দাবি জানিয়েছেন।
হাওরপারের বাসিন্দারা জানান, পুরো দক্ষিণ সুরমার পানি নিষ্কাশন হয় রুনার খাল দিয়ে সুরমা নদীতে। বগলাজান হাওরে আবাসন হলে রুনার খাল চিরতরে বন্ধ হয়ে যাবে। তখন হাওরপারের জনবসতি ছাড়াও বেশ কিছু স্থাপনা স্থায়ী জলাবদ্ধতার মুখে পড়বে। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বাইপাস সড়কের দিকে তিনটি সাইনবোর্ড সাঁটিয়ে পাইপলাইন বসানো হয়েছে। সেখানেই অস্থায়ী স্থাপনার মধ্যে রূপায়ণ মহানগর আবাসন প্রকল্পের ‘মাঠ দপ্তর’। কর্মকর্তা পর্যায়ের কাউকে সেখানে পাওয়া যায়নি। তবে ‘রূপায়ণের লোক’ পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, কোম্পানির কার্যালয় শাহজালাল উপশহরে রয়েছে। অনুসন্ধানে শাহজালাল উপশহর এলাকায় রূপায়ণের কোনো দপ্তর পাওয়া যায়নি। সিলেটে যেসব আবাসন কোম্পানি রয়েছে, সেগুলোর পরিবেশগত ছাড়পত্র নিতে আবেদন করার সুবাদে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে একটি তালিকা আছে। পরিবেশ অধিদপ্তরের সেই তালিকায়ও রূপায়ণ নামের কোনো আবাসন প্রকল্পের নাম নেই।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো আবাসন কোম্পানি তৎপরতা চালাতে পারে না। ছাড়পত্র ছাড়া আবাসন কোম্পানির কার্যক্রমও অবৈধ। তিনি বলেন, ওই আবাসন প্রকল্পের ছাড়পত্র যেহেতু নেই, তা ছাড়া তারা জলাশয় ভরাট করছে। তাই এ ব্যাপারে প্রচলিত আইনে সিটি করপোরেশনই ব্যবস্থা নিতে পারে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, বগলাজান সিটি করপোরেশনের একমাত্র হাওর। এটির কিছু জায়গার মালিকানা ওই আবাসন কোম্পানি দাবি করে জলাশয় ভরাটের বিষয়টি লিখিতভাবে সিটি করপোরেশনকে জানিয়েছিল। পরে অবশ্য আবাসন প্রকল্পের তৎপরতা হাওরে না চলায় বিষয়টি ওভাবেই পড়ে রয়েছে। জলাশয় ভরাট করলে সর্বশেষ অবস্থার খোঁজ নিয়ে প্রচলিত আইনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।