হাওরে শিকারির ফাঁদে পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পানি কমার সঙ্গে সঙ্গে মৌলভীবাজারের হাওর এলাকায় পাখি শিকার শুরু হয়েছে। অনেক জেলে মাছ ধরার পাশাপাশি জাল দিয়ে তৈরি ফাঁদ পেতে পাখিও শিকার করছেন। আশপাশের গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে গোপনে এসব পাখি বিক্রি করা হচ্ছে।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক হাসানাত কামাল বলেন, তিনি ৩ নভেম্বর সকালে জেলার কাউয়াদিঘি হাওরপারের করাদাইর এলাকার রাস্তায় প্রকাশ্যে পাখি বিক্রি করতে দেখেছেন। প্রায়ই হাইল হাওর, বড় হাওর ও কাউয়াদিঘি হাওরের আশপাশের বাজার ও রাস্তায় পাখি বিক্রি করতে দেখা যাচ্ছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দো বলেন, ‘শীতকালে হাওরে পাখি শিকার বৃদ্ধি পায়। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অভিযান পরিচালনা করি। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, জনসাধারণ ও স্থানীয় প্রশাসনের এগিয়ে আসা দরকার। পাখি শিকার নিষিদ্ধ। পাখি শিকার বা বিক্রির ক্ষেত্রে ছয় মাসের সাজার বিধান আছে।’
স্থানীয় সূত্র জানায়, মৌলভীবাজারের বিভিন্ন ছোট-বড় হাওরের বিল-বাদাড়ে এখন পানি কমে আসছে। এসব স্থানে জেলেরা রাতের বেলা বিলের পাড়ে ‘ফান্দা জাল’ পেতে রাখছেন। রাতের বেলা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সময় এই জাল দেখতে না পেয়ে ফাঁদে আটকা পড়ছে পাখি। এর মধ্যে আছে সরালি, পানকৌড়ি, বেগুনি কালেম, পাতি পান মুরগি, বালিহাঁস, সাদা বক প্রভৃতি। সকালবেলা মাছ বিক্রেতারা জেলেদের কাছ থেকে বাড়তি মুনাফার লোভে মাছের সঙ্গে পাখিও কিনে নেন। কিছু পেশাদার পাখি বিক্রেতা শিকারিদের কাছ থেকে পাখি কিনে মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা শহরের কিছু স্থানে বিক্রি করেন। শ্রীমঙ্গলের অনেক হোটেল-রিসোর্টেও এসব পাখি বিক্রি করা হচ্ছে। মাছের খাঁচা বা চটের বস্তায় করে লোকজনের চোখ ফাঁকি দিয়ে এসব পাখি সরবরাহ করা হয়। প্রতিদিন শতাধিক পাখি ধরে বিক্রি করা হচ্ছে।
শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকার জাবেদ ভূঁইয়া বলেন, ২ নভেম্বর একজন মাছ বিক্রেতা পাখি নিয়ে তাঁদের গ্রামে বিক্রির জন্য আসেন। তাঁর কাছে সরালি, হাঁস ও পাতি পান মুরগি ছিল। তিনি জানান, হাইল হাওর এলাকার কিছু মৎস্য খামারে মাছের পোনা খেয়ে ফেলার অজুহাতে পাখি শিকার করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে শ্রীমঙ্গলের হাজিপুর এলাকার একজন বাসিন্দা বলেন, রাতের বেলা শ্রীমঙ্গলের হাজিপুর, বরুনা, মীর্জাপুর, ভাড়াউড়া এবং মৌলভীবাজার সদর উপজেলার গ্রাম শ্রীমঙ্গল, কাগাবলা, আথানগিরিসহ কিছু এলাকার মৎস্যজীবীরাও মাছ ধরার পাশাপাশি পাখি শিকার করেন। প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তাদের বাসায় এসব পাখি পৌঁছেও দেওয়া হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান গতকাল মঙ্গলবার বলেন, আজ (গতকাল) জেলা মাসিক সমন্বয় কমিটির সভা ছিল। সেখানেও পাখি শিকারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রশাসনের কেউ এসব পাখি কেনেন কি না তা জানা নেই। খোঁজ পেলে ব্যবস্থার নেওয়া হবে।