হাওরে সংঘর্ষে শিশুদের ব্যবহার
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে গত ছয় মাসে পৃথক সংঘর্ষে চার শিশু নিহত হয়েছে। এর মধ্যে তিনজন ছিল স্কুলশিক্ষার্থী। সর্বশেষ ৯ সেপ্টেম্বর ঢাকি ইউনিয়নের বড়কান্দা গ্রামে সংঘর্ষে দুই শিশু নিহত হয়। সংঘর্ষের সময় সাহায্যের জন্য শিশুদের ব্যবহার করা হয় বলে খোঁজ নিয়ে জানা গেছে।
সরেজমিনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাওরের জমি এক ফসলি। কার্তিক থেকে জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত হাওর এলাকার লোকজন ফসল চাষ ও ফসল তোলায় ব্যস্ত হয়ে পড়েন। বাকি সাত মাস ওই জমি বিস্তীর্ণ জলাভূমিতে পরিণত হয়। ওই সাত মাসের বেশির ভাগ সময়ই বেকার জীবন কাটে তাঁদের। আর ওই সময়টাতেই মূলত সংঘর্ষ হয়ে থাকে।
বেশির ভাগ সংঘর্ষই জলমহালের দখল, মাছ ধরা এবং আধিপত্য বিস্তার নিয়ে হয়ে থাকে। এসব ঘটনাকে কেন্দ্র করে পাড়া, গ্রাম, ব্যক্তি বা বংশগত পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। আর বড়দের ওই সংঘর্ষে শিশুদের ব্যবহার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার পর নিজেদের পক্ষের বড়দের সাহায্য করতে এগিয়ে আসেন গৃহবধূ ও শিশুরা। তাঁরা হাতিয়ার এগিয়ে দেওয়া, ঢিল ছোড়ার জন্য ইট ভেঙে টুকরা করা এবং তৃষ্ণার্তদের পানি পান করানোর কাজ করে থাকেন।
সর্বশেষ ৯ সেপ্টেম্বর ঢাকি ইউনিয়নের বড়কান্দা গ্রামে সংঘর্ষে চায়না আক্তার (৯) ও মোজাক্কির মিয়া (১৩) নামের দুই শিশু বল্লমবিদ্ধ হয়ে নিহত হয়। ১০ জুন ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন ও একই ইউনিয়নের আবুল নাসের পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে অসংখ্য শিশু অংশ নেয়। ওই সংঘর্ষে মর্জিনা নামের এক নারী ও রবিন নামের এক শিশু বল্লমবিদ্ধ হয়ে মারা যায়। আহত হয় চার শিশু। এর আগে ১৬ মে একই ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হাতে তানজিনা বেগম (১০) নামের এক শিশু অগ্নিদগ্ধ হয়। এ ছাড়া গত ছয় মাসে উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় ছোট-বড় আরও বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে বেশ কয়েকটি শিশু আহত হয় বলে জানা গেছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, হাওরাঞ্চলের বাসিন্দাদের চরিত্র হলো, সংঘর্ষ শুরু হলে কেউ ঘরে বসে থাকে না। শিশুরাও এগিয়ে আসে। ফলে তারা পরিস্থিতির শিকার হয়ে প্রাণ হারায়।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী বলেন, হাওরে সংঘর্ষে বড়দের সঙ্গে তাঁদের স্ত্রী-সন্তানেরাও অংশ নেয়। শিশুরা উৎসব মনে করে এতে অংশ নেয়। আর বড়দের প্রতিহিংসার শিকার হয়। ভৈরবের জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক সমীর চক্রবর্তী বলেন, শিশুরা চোখের সামনে যা দেখে, তাই গ্রহণ করে। সংঘর্ষে অংশ নেওয়া শিশুদের মনে সহিংসতার প্রভাব পড়তে পারে। এতে করে তাদের আচরণেও পরিবর্তন আসতে পারে।