হাকালুকি হাওরে নিষিদ্ধ জাল দিয়ে পোনা নিধন
কিছু অসাধু জেলে নিষিদ্ধ জাল দিয়ে মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় হাকালুকি হাওরে পোনা নিধন করছে। এতে মাছের বংশ বিস্তার ব্যাহত হচ্ছে। একই কারণে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে হাকালুকি হাওরটি বিস্তৃত।
জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. আসাদ উল্লাহ জানান, বৈশাখ থেকে শ্রাবণ মাস মাছের প্রজনন মৌসুম। মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধি অনুযায়ী, এ সময়ে ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) চেয়ে কম দৈর্ঘ্যের মাছ ধরা নিষিদ্ধ। এ ছাড়া এই সময়ে ৪ দশমিক ৫ সেন্টিমিটারের কম ব্যাস বা দৈর্ঘে৵র ফাঁসের জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ।
মৎস্য কর্মকর্তা আরও জানান, এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা হাওরে মাছ ধরছে। তাঁরা এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছেন। ২ জুন জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে হাওরের নাগুয়া, চাতলা, তুরল ও গৌড়কুড়ি বিলে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। ১৮ জুন বড়লেখা উপজেলা প্রশাসন কইয়েরকোনা বিলে অভিযান চালিয়ে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে।
সরেজমিনে হাওরপাড়ের কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, কুলাউড়ার ভাটেরা ও ভূকশিমইল, জুড়ীর জায়ফরনগর ও পশ্চিম জুড়ী এবং বড়লেখার সুজানগর, তালিমপুর, দাসেরবাজার ও বর্ণি ইউনিয়নের এলাকায় বিভিন্ন নিষিদ্ধ জাল দিয়ে পোনা নিধন করা হচ্ছে। এসব জালে আইড়, বোয়াল, সরপুঁটি, মৃগেল, ভেদা, মলা, চাপিলাসহ বিভিন্ন জাতের পোনা আটকা পড়ে। বেশির ভাগ পোনার দৈর্ঘ্য ৩ থেকে ৭ ইঞ্চি। স্থানীয় হাটবাজারে কিছু পোনা বিক্রি হয়। তবে বেশির ভাগ পোনা ঢাকায় পাঠানো হয়।
জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, অভিযানে গেলে জালের মালিকেরা টের পেয়ে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয় না। বড়লেখার ইউএনও সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান বলেন, বেশির ভাগ সময় রাতে জাল টেনে পোনা ধরা হয়। প্রশাসনের কোনো নৌযান না থাকায় ওই সময় অভিযান চালানো সম্ভব হয় না। কুলাউড়ার ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান জানান, পোনা নিধন বন্ধে কয়েক দিনের মধ্যেই হাওরে অভিযান চালানো হবে।