হাকালুকি হাওরে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরে আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান জানান, তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল আজ বেলা একটার দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের হাকালুকি হাওরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এ সময় মাছের পোনা ধরার জন্য পেতে রাখা প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কিন্তু জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

মৎস্য সংরক্ষণ আইনের বরাত দিয়ে ইউএনও জানান, ৪ দশমিক ৫ সেন্টিমিটার ব্যাসের চেয়ে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। জব্দ করা জাল ওই মাপের চেয়ে কম। তাই এ জালগুলো পুড়িয়ে ফেলা হবে।