হাকালুকিতে অবাধে পোনা নিধন
প্রজননের মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ হলেও মৌলভীবাজারের হাকালুকি হাওরে চলছে অবাধে পোনা নিধন। হাওর এলাকায় জেলেরা বিভিন্ন ধরনের জাল দিয়ে পোনা মাছ ধরছেন। ব্যবসায়ীরা এ পোনা মাছ কিনে স্থানীয় হাটবাজার ছাড়াও দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, হাকালুকি হাওর মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় বিস্তৃত। প্রজননের মৌসুম হওয়ায় ফাল্গুন থেকে শ্রাবণ মাস পর্যন্ত পোনা মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু রাতে লুকিয়ে পোনা মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। কাপড়ি জাল, বেড় জাল, জগৎবেড়সহ বিভিন্ন জাল দিয়ে জেলেরা মাছ ধরেন। এ জন্য ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বড়লেখার তালিমপুর ইউনিয়নে হাকালুকি হাওর এলাকার এক-দুই কিলোমিটার পরপর জেলেরা মাছ ধরছেন। একেকটি দলে ১০-২০ জন রয়েছেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত হাল্লা এলাকার বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পর্যবেক্ষণ টাওয়ারের আশপাশের চার-পাঁচ কিলোমিটার এলাকায় ১০-১২টি স্থানে মাছ ধরতে দেখা যায়।
কয়েকজন জেলে বলেন, মলা, চাঁদা, পুঁটি, টেংরা, বোয়াল, আইড়, রুই, কাতলাসহ বিভিন্ন জাতের পোনা মাছ পাওয়া যাচ্ছে। এর সঙ্গে মাঝেমধ্যে দু-একটা জাটকা ওঠে।
কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, রাতে চুরি করে জেলেরা মাছ ধরেন। মে-জুন মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পাঁচবার হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আরও সাত-আটবার অভিযান চালানো হয়েছে।
মৎস্য কর্মকর্তাদের পোনা মাছ ধরা-বিরোধী অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা শফিক-উজ-জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের সহযোগিতা নিয়ে প্রতি মাসেই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন। জব্দ করা জাল পোড়ানো হচ্ছে।