হাকিমপুরে অস্ত্রশস্ত্রসহ পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে পৌর শহরের একটি হোটেল থেকে গতকাল শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়নের সদস্যরা। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই রাতে জেলার হিলি সীমান্ত থেকে এক কেজি গানপাউডারসহ তিনজনকে আটক করে র‍্যাব।

আটক ব্যক্তিরা জেলার হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন এবং পাশের জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমানকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়নের সদস্যরা।

হিলি সীমান্ত থেকে গানপাউডারসহ আটক ব্যক্তিরা হলেন শেরপুরের শুভ (২৫), গোবিন্দ (২৮) ও হিলি স্টেশন মহল্লার লিটন।

এ ঘটনায় গতকাল রাত ১২টা ৪৫ মিনিটে হিলি সিপি ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিজিবি। সেখানে র‍্যাব সসদস্যরাও ছিলেন।

সংবাদ সম্মেলনে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, বিজিবির ৩ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এম আশরাফ আলীর নেতৃত্বে বিজিবির সদস্যরা গতকাল রাত সাড়ে আটটার দিকে হিলি সিপি রোডের ‍‌হিলি আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে অভিযান চালান। কক্ষের তালা ভেঙে পাঁচটি গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, আটটি ককটেল, এক কেজি গানপাউডার, চারটি চায়নিজ কুড়াল, দুটি চাপাতি ও হাতবোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫০ হাজার রুপি মূল্যমানের ভারতীয় মুদ্রা জব্দ করা হয়। ওই দুই মেয়রের নামসহ হত্যার স্কেচও (ছক) উদ্ধার করে বিজিবি।

এ ঘটনায় বিজিবি ওই হোটেলের মালিক আ. খালেককে (৫৫) এবং র‍্যাব হিলির সুজন নামের এক সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জিজ্ঞাসাবাদে হোটেলের মালিক বিজিবিকে জানিয়েছেন, রংপুরের চৈতন্য শেখ (৩০) ও অপু শেখ (২৮) নামের দুই ব্যক্তি দু-তিন দিন থাকার কথা বলে শুক্রবার দুপুরে ৯ নম্বর কক্ষটি ভাড়া নেন। বিকেলে ইফতারের কথা বলে ওই দুই ব্যক্তি হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি।

সেক্টর কমান্ডার বলেন, এই এলাকায় নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে কিছু অস্ত্রশস্ত্র হিলিতে আসার গোপন তথ্য পায় বিজিবি। তবে অভিযানে বিজিবি ওই দুই ব্যক্তিকে আটক করতে পারেনি।

বিজিবি ৩ ব্যাটালিয়নের একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে বলেন, হাকিমপুর ও পাঁচবিবির পৌর মেয়রকে হত্যার পরিকল্পনার তথ্যও ছিল বিজিবির কাছে। র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর মাহমুদ বলেন, তাঁরাও নাশকতার চক্রান্তের তথ্যটি পেয়েছিলেন।

তবে সংবাদ সম্মেলনে হাজির করা গোবিন্দ, শুভ ও লিটন এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

হাকিমপুর থানার ওসি আবদুস সবুর বলেন, বেশ কিছুদিন আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেনকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এর আগে ১৩ ফেব্রুয়ারি বিজিবির ৩ ব্যাটালিয়নের সদস্যরা হাকিমপুরে পৌর শহরে পৃথক দুটি অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি, এক লাখ ভারতীয় মুদ্রাসহ বাবলু মিয়া (৪৩) ও জাহিদ (৩২) নামের দুই ব্যক্তিকে আটক করেন।