হাকিমপুরে বোমাসহ তিন তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গত মঙ্গলবার দিবাগত রাতে হাকিমপুর উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র, হাতবোমাসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার তিনজন এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে গতকাল বুধবার হাকিমপুর থানায় মামলা করেছেন। গতকাল দিনাজপুর আমলি আদালত-৭-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হোসেন ওই তিন তরুণের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই তরুণেরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার পাউশগাড়া গ্রামের আবু নাঈম মো. ফারুকী আজম (২০), বাগদোড় গ্রামের মোজাহিদুল হক মাকতুম (২০) ও ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম পূর্বপাড়ার আল গালিবুর রশীদ ওরফে গালিব (২৩)।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, ওই তিন তরুণ জেএমবির সদস্য। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তাঁরা আগে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে স্টেশন ডাঙ্গাপাড়া ঈদগাহ মাঠের পাশে ১০-১৫ জন তরুণ নাশকতা সৃষ্টি করার পরিকল্পনা করছিলেন। এ সময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছোড়া ও ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।