হাকিমের বাড়ি থেকে শিশু উদ্ধার শরীরে ক্ষত নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলামের বাড়ি থেকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। জেলার মুখ্য বিচারিক হাকিম এবং সহকারী পুলিশ সুপার গতকাল বুধবার বিকেলে শিশুটিকে উদ্ধার করেন। তার গায়ে আঘাতের চিহ্ন আছে। তবে এর কারণ সম্পর্কে পুলিশ প্রশাসন এবং চিকিৎসকেরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলাম। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, একটি শিশুকে আটকে রাখা হয়েছে—এমন সংবাদ পেয়ে বেলা তিনটার দিকে পুলিশের এক উপপরিদর্শককে ওই বাড়িতে পাঠানো হয়। তিনি সেখানে গিয়ে ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে খবর পেয়ে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ ঘটনাস্থলে যান। তারপরও দরজা খোলা না হলে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সাদী ও সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহাকে বিষয়টি জানানো হয়। তাঁরা বিকেল সাড়ে চারটার দিকে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধার করা শিশুটির নাম বীথি (১০)। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বড় আমিয়ান গ্রামের রসুল আলীর মেয়ে। শিশুটিকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম। তিনি বলেন, ‘শিশুটির পিঠে দগদগে ক্ষত রয়েছে। হাতে দড়ি দিয়ে বেঁধে রাখার দাগ রয়েছে।’
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বলেন, ‘শিশুটির পিঠে ক্ষত রয়েছে। তবে ক্ষত কীভাবে হয়েছে, তা বলা যাচ্ছে না। বিষয়টি যেহেতু স্পর্শকাতর, সে জন্য বোর্ড বসিয়ে এ ব্যাপারে সিদ্ধান্তের আগে কিছু বলা যাবে না।’
সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ বলেন, ‘আমি দেখেছি, শিশুটির পিঠে ক্ষত রয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ছাড়া বলা যাবে না ক্ষত কীভাবে হয়েছে।’
নূরুল ইসলাম শিশুটিকে নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ‘গত মে মাসে আমার বড় ছেলে মারা যায়। তারপর এক বছরের ছোট ছেলে রেহানের সঙ্গে খেলাধুলা করতে বিথীকে নিয়ে আসি তাদের গ্রামের বাড়ি থেকে।’ শরীরের ক্ষত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ওকেই জিজ্ঞাসা করুন।’
ঘটনাস্থলে উপস্থিতদের সামনে এ সময় বীথি বলে, ‘আমাকে কেউ মারেনি। আমি এই বাড়ি ছেড়ে যাব না। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেছে। এখন আমি যাব কোথায়?’
জেলার মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা বলেন, ‘শিশুটির প্রতি যদি কোনো নির্যাতন হয়ে থাকে, ব্যবস্থা নেওয়া হবে।’