হাজতখানা থেকে পালানো সাবেক এসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া একটি হত্যা মামলার আসামি ও রাজধানীর কাফরুল থানার সাবেক এসআই রেজাউল করিম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে আদালত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।
কাফরুল থানায় পুলিশ হেফাজতে নির্যাতনে ব্যবসায়ী ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তিন আসামির একজন রেজাউল। গত রোববার এই মামলায় জামিন নাকচ হওয়া তিন আসামিকে হাজতখানা থেকে কারাগারে পাঠানোর সময় রেজাউলের পালিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। গতকাল রেজাউলকে ধরার পর কোতোয়ালি থানার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ। তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে রেজাউলকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র বলেছে, ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে রোববার সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফারুক হত্যা মামলার তিন আসামি কাফরুল থানার সাবেক দুই উপপরিদর্শক নুরুজ্জামান ও রেজাউল করিম পাটোয়ারী এবং পুলিশের তথ্যদাতা (সোর্স) রতন বাবু। আদালত তিনজনেরই জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।