হাজতখানা থেকে পালালেন আসামি সাবেক এসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ হেফাজতে নির্যাতনে ব্যবসায়ী ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার এক আসামি রাজধানীর কাফরুল থানার সাবেক উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম পাটোয়ারী গতকাল রোববার আদালতের হাজতখানা থেকে পালিয়ে গেছেন। জামিন নাকচ হওয়া তিন আসামিকে হাজতখানা থেকে কারাগারে পাঠানোর সময় তাঁর পালানোর বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
আদালত সূত্র বলেছে, ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে গতকাল সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই হত্যা মামলার তিন আসামি কাফরুল থানার সাবেক দুই উপপরিদর্শক নুরুজ্জামান ও রেজাউল করিম পাটোয়ারী এবং পুলিশের তথ্যদাতা (সোর্স) রতন বাবু। আদালত তিনজনেরই জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত তাঁদের বিরুদ্ধে হাজতি পরোয়ানাও জারি করেন। পরে তাঁদের আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তবে বিকেলে আসামিদের কারাগারে পাঠানোর সময় পুলিশ বুঝতে পারে, এক আসামি (রেজাউল) নেই।
আদালত সূত্র বলেছে, গতকাল এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
সূত্র বলেছে, আসামি রেজাউল করিমসহ তিনজনের বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারির পর তাঁদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পুলিশের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেজাউল কৌশলে বেরিয়ে পালিয়ে গেছেন।
ওই হাজতখানার দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাখখারুল। এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
এই মামলার বাদীপক্ষের আইনজীবী আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, আসামি নুরুজ্জামান ও রেজাউল করিম হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে নিম্ন আদালত থেকে অন্তর্বর্তী জামিন নেন। গতকাল তিন আসামির জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ফারুক হোসেন রাজধানীর কাফরুল এলাকায় ব্যবসা ও ঠিকাদারির কাজ করতেন। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় আসামি উপপরিদর্শক নুরুজ্জামান ও পুলিশের সোর্স রতন কাফরুলের একটি স্টিলের দোকান থেকে ফারুককে মামলা আছে বলে থানায় নিয়ে যান। রাতে ফারুকের ভাই কাফরুল থানায় খোঁজ নিতে গেলে থানাহাজতে চিৎকার শুনতে পান। তাঁকে ছাড়তে ৫০ হাজার টাকা দাবি করেন আসামিরা। টাকা না দেওয়ায় ২১ ফেব্রুয়ারি ফারুককে কাফরুল থানার ৫৭(২)১২ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত ফারুকের শরীরে আঘাতের চিহ্ন দেখে রিমান্ডের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২২ ফেব্রুয়ারি ফারুক কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কারা হাসপাতালে তাঁর রক্তবমি হলে তাঁকে ২৮ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। এ ঘটনায় তাঁর বোন পারভীন হক এই মামলা করেন। চলতি বছরের ১ মার্চ পুলিশ তদন্ত শেষে ৩০৪/৩৪২/১১৪/১০৯ ধারায় অভিযোগপত্র দেয়। গতকাল আদালত ৩০২ ধারায় অর্থাৎ হত্যার অপরাধে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।