হাজতখানায় পেট থেকে বেরোল সোনা!
সোনার বারসহ আটকের ঘটনায় হওয়া মামলায় আজ সোমবার এক ব্যক্তিকে আদালতে নিয়ে যায় পুলিশ। আর ওই ব্যক্তি আদালতের হাজতখানায় টয়লেটে গিয়ে পেট থেকে বের করে আনলেন আরও তিনটি সোনার বার।
হাজতখানার দায়িত্বে থাকা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, ওই আসামির নাম আরিফ হোসেন মুন্সি (৩৬)। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি সোনার বারসহ তাঁকে আটক করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। আজ দুপুরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নিয়ে যায় বিমানবন্দর থানা-পুলিশ। তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করে পুলিশ। রিমান্ডের শুনানির আগে তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়। তখন আসামি আরিফ হাজতখানার টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়ার পর তাঁর আচরণে সন্দেহ হয় পুলিশের। পরে তাঁর প্যান্টের পকেট তল্লাশি করে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ওসি মুরাদ বলেন, আসামি আরিফ স্বীকার করেছেন, তিনি ওই সোনাগুলো মলদ্বার দিয়ে পেটের ভেতরে রেখেছিলেন। পরে টয়লেটে গিয়ে তা বের করে আনেন। আদালতে পরিচিত কাউকে পেলে তাঁর মাধ্যমে সেগুলো পাচার করার পরিকল্পনা ছিল তাঁর। ওসি মুরাদ বলেন, এ সোনা বার উদ্ধারের ঘটনায় আসামি আরিফের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় আরেকটি মামলা করা হবে।
এদিকে আজ বিকেল সাড়ে চারটার দিকে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একটি বিমানে মালয়েশিয়া থেকে ঢাকার বিমানবন্দরে নামেন আরিফ। তখন তাঁর শরীরে তল্লাশি চালিয়ে তিনটি সোনার বার উদ্ধার করে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তারা। তখন তাঁকে আটক করে বিমানবন্দর থানায় মামলা করে এপিবিএন।
আদালতের হাজতখানায় আসামির কাছ থেকে আরও তিনটি সোনার বার উদ্ধার করার বিষয়ে জানতে চাইলে এসআই আবুল কালাম আজাদ বলেন, এখনো এ খবর পাইনি। রিমান্ড আবেদনের বিষয়ে আদালতের সিদ্ধান্তও জানতে পারিনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।