হাজার হাজার টাকায় 'ভুয়া' প্রশ্ন বিক্রি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে বেলা ১০টা ৬ মিনিটে প্রথম আলোর কাছে হাতে লেখা একটি প্রশ্নপত্র আসে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী ও বিজ্ঞান অনুষদের ডিন ইউসুফ আলী মোল্লাকে অবহিত করা হলে তিনি জানান, এটি ভুয়া প্রশ্ন। তবে পরীক্ষা শেষে মূল প্রশ্নের সঙ্গে এর কোনো মিল পাওয়া যায়নি।
অভিযোগ উঠেছে, গতকাল বৃহস্পতিবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের একটি হলে হাতে লেখা এ প্রশ্ন পাওয়া যাচ্ছিল। একটি নির্দিষ্ট এলাকা থেকে আসা একাধিক পরীক্ষার্থী প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই এলাকার এক ‘বড় ভাই’ তাঁদের হাতে লেখা প্রশ্নটি সরবরাহ করেন। ওই ‘বড় ভাই’ দাবি করেন, পরীক্ষার হলে গিয়ে প্রশ্নে মিল পাওয়া গেলে এক লাখ টাকা করে দিতে হবে। আর মিল না পাওয়া গেলে কোনো টাকা দিতে হবে না। তবে তাঁদের কাছ থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা করে অগ্রিম নিয়েছেন ওই ‘বড় ভাই’।

পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে হাতে লেখা ভুয়া প্রশ্ন বিক্রির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।