হাজারীবাগে গৃহবধূকে হত্যার চেষ্টা
রাজধানীর হাজারীবাগে আজ মঙ্গলবার সকালে বাসায় ঢুকে সোহেলী বেগম (৩৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় হারুন অর রশীদ (২৩) নামের এক ব্যক্তিকে আশপাশের লোকজন হাতেনাতে আটক করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
সোহেলী বেগমকে গুরুতর অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল আলম প্রথম আলোকে জানান, আজ বেলা ১১টার দিকে হাজারীবাগের রায়েরবাজারে পাঠশালার গলিতে সোহেলীর বাসায় চার-পাঁচজন যুবক প্রবেশ করেন। এ সময় তাঁরা ওই গৃহবধূর গলাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। তবে সোহেলীর চিৎকারে আশপাশের লোকজন এসে হারুন অর রশীদ নামের একজনকে ঘটনাস্থল থেকে ধরে পুলিশের দিয়েছেন।
এ ঘটনায় সোহেলীর স্বামী জাহাঙ্গীর আলম হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন।