হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক খুন, গৃহবধূর লাশ উদ্ধার
হাজারীবাগের বেড়িবাঁধে গতকাল বুধবার সকালে ছুরিকাঘাতে ইলিয়াস হোসেন (১৭) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। সে ট্রাকশ্রমিক ছিল।
হাজারীবাগ থানার পুলিশ বলেছে, ইলিয়াস সপরিবারে কামরাঙ্গীর চরের দক্ষিণ সোনা টংচরে থাকত। গতকাল সকাল সাতটার পর ইলিয়াস তার বোনকে বলে, তার বন্ধু মুঠোফোনে তাকে ডেকেছে। কিছুক্ষণের মধ্যে সে ফিরে আসার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। ইলিয়াস হাজারীবাগ বেড়িবাঁধসংলগ্ন ভূঁইয়া এস্টেটে বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। এ সময় সেখানে থাকা দুই-তিন বন্ধুর সঙ্গে ইলিয়াসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ইলিয়াসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুজ্জামান বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ঝুলন্ত লাশ উদ্ধার: গতকাল সকালে পুলিশ মীরহাজিরবাগের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো গৃহবধূ পুতুল আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শিল্পী আক্তার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আট-নয় মাস আগে শামীম নামের এক ব্যক্তির সঙ্গে পুতুলের বিয়ে হয়। কিন্তু তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।