হাজারীবাগে নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে মাদকসেবনে বাধা দেওয়ায় যুবকের ছুরিকাঘাতে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগে ঝিগাতলা মনেস্বর রোড এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন।

নিহত ওই নৈশপ্রহরীর নাম মো. মামুন (৩২)। তিনি হাজারীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঠালরাজা বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে তিনি। তাঁর স্ত্রীর নাম মজিফা বেগম। এক ছেলে এক মেয়ের জনক মামুন।

নিহত মামুনের সহকর্মী মো. শহিদ প্রথম আলোকে বলেন, ‘মাদকসেবনে বাধা দেওয়ায় স্থানীয় এক সন্ত্রাসীর সঙ্গে মামুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই সন্ত্রাসী তাঁর পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মামুন ওই এলাকায় নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন এবং ভাড়া বাসায় থাকতেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. লন্ডন কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতকারী ওই যুবকের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। নিহত মামুনের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।