হাজারীবাগে বাসায় ঢুকে হামলায় দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় গতকাল শনিবার বিকেলে বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে মারধরে বাবা ও ছেলে আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন মনির উদ্দিন (৭০) ও তাঁর ছেলে বাদল হোসেন (৪০)। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চলে যান।
বাদল সাংবাদিকদের বলেন, তাঁরা হাজারীবাগের রায়েরবাজার এলাকায় থাকেন। তাঁদের বাসার সামনে জুলহাস নামের এক চায়ের দোকানদার আছেন। ওই দোকানদার তাঁর মেয়েকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেন। এ নিয়ে তিনি ওই চা দোকানদারকে মারধর করেন। পরে ওই দোকানদারসহ এলাকার আরও কয়েকজন যুবক মিলে তাঁর বাসায় ঢুকে তাঁদের মারধর করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, ইভ টিজিংয়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিকেলে চা খাওয়াকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। জুলহাস ও আল আমিন নামের দুজনকে আটক করা হয়েছে।