হাজারীবাগে বোমা বিস্ফোরণে যুবক নিহত
রাজধানীর হাজারীবাগের ভাগলপুর লেনের একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহত রাজু হোসেন (২৫) নামের ওই যুবককে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, বোমা বানানোর সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। আহত রাজু ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তবে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন ওই যুবক দাবি করেন, তিনি বায়িং হাউসের ব্যবসা করেন।
পুলিশ জানায়, রাজু হোসেন সপরিবারে ১৩৬ ভাগলপুর লেনে থাকেন। বিকেল সাড়ে চারটার দিকে ভাগলপুর লেনের ওই বাড়ির দোতলার একটি কক্ষে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে রাজুর ডান হাত, মুখমণ্ডল ও আরেকজনের সারা শরীর জখম হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাঁ চোখটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
অবশ্য হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রাজু হোসেন দাবি করেন, ভাগলপুর লেনের বাড়িটি তাঁদের। দোতলার একটি কক্ষে উঁকি দিতেই বিস্ফোরণ হয়। এতে তাঁর ও ওই কক্ষে থাকা তাঁর ছোট ভাই জিসান (২০) গুরুতর জখম হন। কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা তিনি জানেন না।
পুলিশ জানায়, নিহত যুবক আহত রাজুর ভাই জিসান কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বোমা তৈরি হচ্ছে—এমন খবরে বিকেলে পুলিশ গেলে ওই বাড়ির দোতলা থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে থানার দুজন এসআই ও এক কনস্টেবল সামান্য আহত হন। একপর্যায়ে ওই বাড়ির দোতলায় বোমার বিস্ফোরণ হয়।
হাজারীবাগ থানার ওসি কাজী মইনুল ইসলাম বলেন, বোমা বানাতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজুর মাকে আটক করা হয়েছে।