হাজারীবাগে বোমা বিস্ফোরণে একজন নিহত
রাজধানীর হাজারীবাগে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহত রাজু হোসেনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে জানায়, আহত রাজু হোসেন সপরিবারে ১৩৬ ভাগলপুর লেনে থাকেন। বিকেল সাড়ে চারটার দিকে ভাগলপুর লেনের ওই বাড়ির দোতলার একটি কক্ষে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির সারা শরীরে জখম ছিল। আহত রাজুর ডান হাত, মুখমণ্ডল ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবশ্য হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রাজু হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ভাগলপুর লেনের বাড়িটি তাঁদের। বিকেলে তিনি দোতলার একটি কক্ষে উঁকি দিতেই বিস্ফোরণ হয়। এতে তাঁর এবং ওই কক্ষে থাকা তার ছোট ভাই জিসান (২০) গুরুতর জখম হন। কীভাবে বিস্ফোরণ হয়েছে তা তিনি জানেন না।
রাজু হোসেন দাবি করেন, তিনি বায়িং হাউসের ব্যবসা করেন। তবে পুলিশ কর্মকর্তারা জানান, আহত রাজু ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, নিহত যুবক আহত রাজুর ভাই জিসান কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বোমা বানাতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনটি বোমা ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।