হাজারীবাগে বোমা বিস্ফোরণে যুবক নিহত, আহত ১
রাজধানীর হাজারীবাগের ভাগলপুর লেনের একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আহত রাজু হোসেন (২৫) নামের ওই যুবককে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, বোমা বানানোর সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। আহত রাজু ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তবে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন ওই যুবক দাবি করেন, তাঁর পাশের কক্ষে বিস্ফোরণ হয়েছে। বায়িং হাউজের মালিক তিনি।
গতকাল রাতে ভাগলপুর লেনে কথা হয় তিনজন দোকানি ও তিনজন স্থায়ী বাসিন্দার সঙ্গে। তাঁরা প্রথম আলোকে জানান, বোমা বানাতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। রাজু রাজনীতি করেন না। তবে তিনি নেশাগ্রস্ত ছিলেন।
রাজুর চাচি জেবা বেগম নিহত ব্যক্তি সম্পর্কে প্রথম আলোকে জানিয়েছেন, তাঁর নাম জসিমউদ্দিন। তিনি কামরাঙ্গীরচরের আলীনগরে থাকতেন। তিনি রাজুর বন্ধু। তবে গতকাল রাত পর্যন্ত পুলিশ নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
পুলিশ জানায়, রাজু হোসেন মা-বাবা ও দুই ভাইয়ের সঙ্গে ১৩৬ ভাগলপুর লেনে নিজেদের দোতলা বাড়িতে থাকেন। দোতলার একটি কক্ষে বিকেল চারটার দিকে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাজুর ডান হাত, মুখমণ্ডল ও তার বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়। তাঁর বন্ধুর সারা শরীর জখম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসক রাজুর বন্ধুকে মৃত ঘোষণা করেন।
গতকাল রাত নয়টার দিকে ভাগলপুর লেনে গেলে রাজুর চাচি জেবা বেগম প্রথম আলোকে জানান, তাঁরা থাকেন দোতলা বাড়িটির নিচতলায়। বিকেল চারটার দিকে বিকট শব্দে বিস্ফোরণে বাড়ি কেঁপে ওঠে। পরে গিয়ে দেখেন রাজু ও তাঁর বন্ধু ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। পরে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেন। বিস্ফোরণের সময় রাজুর ছোট ভাই জিসান, তাঁর বড় ভাই জাহিদ হোসেন ও তাঁদের বাবা বাইরে ছিলেন। রাজুর মা নিচতলায় ঘুমাচ্ছিলেন। তিনি জানান, রাজু বেকার। তবে মাঝেমধ্যে তাঁর বন্ধু জসিম এসে আড্ডা দিতেন।
অবশ্য হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রাজু হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, পাশের আরেকটি কক্ষে উঁকি দিতেই বিস্ফোরণ হয়।
বাড়ির দোতলায় ওঠার পর বাঁ দিকে রাজুর ভাই জিসানের কক্ষ ও পরের কক্ষটি রাজুর। দেখা গেছে, রাজুর কক্ষে বিস্ফোরণ ঘটেছে। সেখানকার মেঝেতে কাচের টুকরো ও সাদা রঙের গানপাউডার ছড়িয়ে-ছিটিয়ে আছে। ওই কক্ষের টিভি চূর্ণ-বির্চূণ অবস্থায় পড়ে আছে। দেয়ালের কয়েকটি স্থান ফেটে গেছে। দেয়ালে লেগে আছে রক্ত। রাজু ও জিসানদের কক্ষের মাঝখানের জানালার কাচ চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে আছে। বারান্দায় ঘেরা হার্ডবোর্ড খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।
ওই কক্ষের দক্ষিণ দিকের অংশে ভাড়া থাকেন নাসরিন আক্তার। তিনি জানান, একটি বিয়ের অনুষ্ঠানের কেনাকাটা করতে বাসায় তালা লাগিয়ে তাঁরা সবাই বাইরে ছিলেন। এসে দেখেন বাসার তালা ভাঙা। তাঁর বাসার মুঠোফোন ও ডিজিটাল ক্যামেরা নেই। বোমা বিস্ফোরণের খবরে তাঁর ভাই এলে পুলিশ তাঁকে ধরে নিয়ে গেছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, বোমা বানাতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি বোমা ও বোমা বানানোর সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।