হাজারীবাগে স্কুলছাত্র হত্যা, গ্রেপ্তার ১
রাজধানীর হাজারীবাগে মো. শোভন (১৭) নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার হাজারীবাগের ঝাউচর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অভিযোগে কিতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আলিফ মাহমুদ বলেন, শোভন তার মা-বাবার সঙ্গে হাজারীবাগের গুদারাঘাট এলাকায় থাকত। স্থানীয় আবদুর রহিম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত সে। তার বাবা শফিক পেশায় মুদি দোকানি। আবদুর রহমান নামের এক ব্যক্তি শোভনের বাবার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়েছিলেন। গত বুধবার আবদুর রহমানের কাছে পাওনা টাকা আনতে যায় শোভন। এরপর তার আর কোনো খোঁজ মিলছিল না।
শোভনের বাবার অভিযোগ, আবদুর রহমান তার লোকজন নিয়ে শোভনকে হত্যা করেছে। এসআই আলিফ মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, টাকা আনতে গেলে আবদুর রহমানের সঙ্গে শোভনের বাগ্বিতণ্ডা হয়। তাদের বাগ্বিতণ্ডা আশপাশের লোকজনও শুনেছেন। ধারণা করা হচ্ছে, এর জের ধরে রাতের কোনো এক সময় শোভনকে হত্যা করা হয়।