হাজিরা খাতা অধ্যক্ষের বাড়িতে, কলেজে তালা
পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর কলেজের শিক্ষক হাজিরা খাতা বাসায় নিয়ে আটকে রেখেছেন অধ্যক্ষ। এ কারণে গত বছরের ১৩ এপ্রিল থেকে শিক্ষকেরা তাতে সই দিতে পারছেন না। এমন অভিযোগ এনে শিক্ষকেরা গত শনিবার শিক্ষক মিলনায়তন ও দাপ্তরিক কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ওই দিনই তালা খুলে দেওয়া হয়। তবে দাবি পূরণ না হওয়ায় গতকাল রোববার আবার ওই দুটি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
যুক্তিবিদ্যা বিভাগের শিক্ষক মো. কামরুল ইসলাম অভিযোগ করেন, ২০১০ সাল থেকে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম কলেজে আসছেন না। ২০১৩ সালের ১৩ এপ্রিল হঠাৎ কলেজে এসে তিনি শিক্ষক হাজিরা খাতা নিয়ে যান। এ কারণে তাঁরা হাজিরা খাতায় সই দিতে পারছেন না।
সমাজকল্যাণ বিভাগের শিক্ষক মো. আলামিন বলেন, অধ্যক্ষ কলেজে না এলেও নিয়মিত বেতন নিচ্ছেন। আর শিক্ষক হাজিরা খাতা তাঁর বাসায় নিয়ে রাখায় শিক্ষকেরা খেয়ালখুশিমতো কলেজে আসা-যাওয়া করেন। এ কারণে কলেজের কার্যক্রম ও পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, বেতনের কাগজে সই দিতে অধ্যক্ষের বাসায় যেতে হয়। তখন তিনি একসঙ্গে হাজিরা খাতায় এক মাসের সই রেখে দেন। কলেজের দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে বিরোধের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।
অধ্যক্ষ মো. নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারদলীয় দুই শিক্ষক দাপট দেখিয়ে শিক্ষক মিলনায়তন ও দাপ্তরিক কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন। আমি রাজনৈতিক হয়রানির শিকার। আমাকে অন্যায়ভাবে মামলা ও হামলার ভয় দেখিয়ে কলেজ থেকে অপসারণের চেষ্টা করা হচ্ছে।’
নজরুল ইসলাম আরও জানান, শিক্ষক হাজিরা খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কার্যালয় থেকে চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এগুলো নিজের তত্ত্বাবধানে রেখেছেন। দুজন শিক্ষক ছাড়া সব শিক্ষক সেই হাজিরা খাতায় সই করছেন এবং তিনি নিয়মিত কলেজে যাচ্ছেন বলে দাবিও করেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘শনিবার তালা দেওয়ার খবর পেয়ে খুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আজকের বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’