হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান স্টেশনমাস্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেলস্টেশনের স্টেশনমাস্টারের বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর অনুপস্থিতিতে স্টেশনের দায়িত্ব পালন করছেন একজন পোর্টার।
নাম প্রকাশ না করার শর্তে স্টেশনের চার-পাঁচজন কর্মচারী ও যাত্রী অভিযোগ করেন, স্টেশনমাস্টার দেওয়ান শামসুল হক প্রায়ই হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। তাঁর অনুপস্থিতিতে কাজ করেন পোর্টার দুলাল হোসেন। স্টেশনমাস্টার না থাকায় যাত্রীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় স্টেশনে গিয়ে দেখা যায়, পুরো রেলস্টেশন নোংরা, আর যাত্রীদের বিশ্রামাগারে তালা। স্টেশনমাস্টার তাঁর কক্ষে নেই। তবে হাজিরা খাতায় গত সোমবার বেলা ১১টায় স্বাক্ষর করেন তিনি। এ সময় দুলাল হোসেনকে স্টেশনমাস্টারের কথা জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
তবে নাম প্রকাশ না করার শর্তে দু-তিনজন কর্মচারী জানান, জানুয়ারি মাসেও তিনি ১৫ কর্মদিবসের মধ্যে পাঁচ থেকে সাত দিন এভাবে স্বাক্ষর করে চলে গেছেন।
এ নিয়ে দেওয়ান শামসুল হকের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি প্রথমে বগুড়ায় চিকিৎসকের কাছে গেছেন বলে জানান। পরে আরেকটি মুঠোফোন দিয়ে তাঁর খোঁজ করলে তিনি দুপচাঁচিয়ায় চিকিৎসকের কাছে গেছেন বলে জানান। অবরোধ ও হরতালের এই সময়ে স্টেশনের দায়িত্ব পালন না করে কার অনুমতি নিয়ে বাইরে গেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি ট্রাফিক পরিদর্শকের অনুমতি নেওয়ার কথা জানান। স্টেশনে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও তাঁর দেখা পাওয়া যায়নি।
লালমনিরহাট রেলওয়ে কর্মকর্তা ট্রাফিক পরিদর্শক আবদুস সোবহান বলেন, ‘তালোড়ার স্টেশনমাস্টার দুই মাসের মধ্যে মৌখিকভাবে কিংবা কোনো বার্তার মাধ্যমে আমাকে ছুটি নেওয়ার কথা জানাননি। আর হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মস্থলে উপস্থিত না থাকার কোনো সুযোগ নেই।’