হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের অভিযোগ তিন শিক্ষকের বিরুদ্ধে
নীলফামারীর ডোমার উপজেলা সদরের শালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষকের বিরুদ্ধে হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তিন শিক্ষক আগস্ট মাসের ১ ও ২ তারিখে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও প্রস্থানের সময় উল্লেখ করে হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করেছেন।
ওই তিন শিক্ষকের বিষয়টি গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির নজরে আসে। এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে। গতকাল শনিবার সকালে ওই অভিযোগের তদন্ত হয়।
ওই লিখিত অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কলেজপাড়ায় বিদ্যালয়টি অবস্থিত। এখানে সহকারী শিক্ষক রয়েছেন চারজন। প্রধান শিক্ষকের পদটি শূন্য থাকায় শিক্ষকেরা তাঁদের খেয়ালখুশিমতো বিদ্যালয়ে যাওয়া-আসা করেন। অনেকেই শিক্ষক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করে অনুপস্থিত থাকেন বিদ্যালয়ে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভোলানাথ অধিকারী বলেন, ‘আমি গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখি শিক্ষক হাজিরা খাতায় আগস্ট মাসের ১ ও ২ তারিখের আগাম উপস্থিতি ও প্রস্থানের স্বাক্ষর করেছেন সহকারী শিক্ষক কল্যাণী রানী অধিকারী, তারিক আহসান ও তিতলী জাহান। বিষয়টি সেদিনই কমিটির অন্য সদস্যদের জানানো হয়। পরে আমরা কমিটির সাত সদস্য স্বাক্ষর করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করি। গতকাল অভিযোগের তদন্তে আসেন জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী মনিটরিং কর্মকর্তা হাচান তারিক।’
অভিযুক্ত সহকারী শিক্ষক তিতলী জাহান, কল্যাণী রানী অধিকারী ও তারিক আহসান বলেন, প্রধান শিক্ষক না থাকায় জ্যেষ্ঠতার ভিত্তিতে উপজেলা শিক্ষা কার্যালয় কল্যাণী রানী অধিকারীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করে। কিন্তু তৃপ্তি রানী অধিকারী তাঁর বাবা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভোলানাথ অধিকারীর যোগসাজশে নিজেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতে চান। এ দ্বন্দ্বে বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে শিক্ষক হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়ে তাঁরা বলেন, ‘আমরা ভুল করে শিক্ষক হাজিরা খাতার ওই পাতায় স্বাক্ষর করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছি। এরপরও প্রতিষ্ঠানের সভাপতি তাঁর মেয়েকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’
এদিকে গতকাল অভিযোগ তদন্ত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহকারী মনিটরিং কর্মকর্তা হাচান তারিক।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক বলেন, ‘বিষয়টি একজন সহকারী মনিটরিং কর্মকর্তা তদন্ত করছেন। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’