হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ৪০টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০টি কম্পিউটারের র্যাম, হার্ডডিস্কসহ দামি যন্ত্রাংশ চুরি হয়েছে।
বিজ্ঞান অনুষদের ডিন সাইফুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে ড.ওয়াজেদ ভবনের পরিসংখ্যান বিভাগের ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ৩৯টি ও বিভাগীয় চেয়ারম্যানের কক্ষ থেকে ১টি সহ মোট ৪০টি কম্পিউটারের হার্ডডিস্ক, র্যাম, প্রসেসরসহ মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান উত্তম কুমার মজুমদার জানান, ‘প্রথমে আমার রুমে প্রবেশ করে সিসি টিভির হার্ডডিস্ক নিয়ে নেয়, ফলে ভেতরের কোনো ফুটেজ পাওয়া যায়নি, তবে ভেতরে প্রবেশ করা ও বাইরে বের হওয়ার ফুটেজ পাওয়া গেছে।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.সাইফুল আলম জানান, সকালে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে এসে দেখি প্রধান দরজাসহ ল্যাবের দরজা খোলা, ভেতরে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। আমরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সংঘবদ্ধ চক্র ভবনের তালা ভেঙে ২০ লক্ষাধিক টাকা মূল্যের কম্পিউটারের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ দেখে ধারণা করা হয় বহিরাগত একটি চক্র চুরি ঘটিয়ে থাকতে পারে। আগামীকাল এ বিষয় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদ্ওয়ানুর রহিম জানান,খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।